আঞ্চলিক মহাসড়কে যাত্রীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-নওগাঁ ও বগুড়া-জয়পুরহাট এই দুটি আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন অংশে গর্ত ও খানাখন্দের কারণে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসযাত্রীদের।
বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক: ৪৩ কিলোমিটার দীর্ঘ এই সড়কের বগুড়ার চারমাথা বাস টার্মিনালের সামনে থেকে এরুলিয়া পর্যন্ত এক কিলোমিটার অংশে সাত-আটটি বড় বড় গর্ত। এ ছাড়া এই সড়কের আরও ১০-১২টি স্থানের কার্পেটিং উঠে গেছে।
স্থানীয়রা জানান, বর্ষা শুরুর পর থেকেই এই সড়কের এমন বেহাল অবস্থা।
বগুড়ার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, বগুড়া-নওগাঁ মহাসড়কের ওই অংশ তদারকি করে বগুড়া সওজ।
গোদারপাড়া বাজারের স্থানীয় ব্যবসায়ী মোস্তফা মল্লিক বলেন, ‘হাতের কাছেই সওজের কার্যালয়। অথচ শহরতলির এই অংশটুকু দীর্ঘদিন ধরে বেহাল। গর্তে কাদাপানিতে সড়কে চলাচল করা যায় না।’
কয়েকজন বাস মালিক, চালক ও সহকারীরা জানান, এই আঞ্চলিক সড়কে প্রতিদিন কয়েক শ যানবাহন চলাচল করে। সড়কের কয়েকটি অংশে ভাঙা থাকায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক: বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের ১২ কিলোমিটার পড়ে বগুড়ার মধ্যে। এই সড়কের কিচক বাজার অংশে কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দ ও বড় বড় গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।
গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, কিচক বাজারের ভাঙাচোরা অংশ এখন কাদাপানিতে একাকার।
ওই সড়কে চলাচলকারী তিন-চারজন বাসচালক বলেন, হিলি স্থলবন্দর ও জয়পুরহাট থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে প্রতিদিন কয়েক হাজার পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচল করে। কিচক বাজারের ওই অংশের কারণে এসব যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। সড়কটি দ্রুত মেরামত না করলে ঊদে ঘরেফেরা মানুষের কষ্ট বাড়বে।
এ ব্যাপারে জয়পুরহাট থেকে ঢাকাগামী এসআর প্লাস ট্রাভেলসের যাত্রী নাজমুল নাহিদ বলেন, ‘কিচক বাজারের ওই রাস্তার কারণে প্রায় সময় যানজট তৈরি হয়। এতে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।’