আঞ্চলিক মহাসড়কের গর্ত মাটি দিয়ে ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিচঢালা সড়কে ছোট-বড় অসংখ্য গর্ত। রাতের বেলায় যানবাহন চলতে গেলে বিকট শব্দ হয়। এতে আশপাশের বাসিন্দাদের ঘুমের ব্যাঘাত ঘটে। নিরুপায় হয়ে গর্তে মাটি ফেলে ভরাট করা হলো। গতকাল মঙ্গলবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার কচুবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর ভাষ্যমতে, কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের কচুবাড়িয়া এলাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে শতাধিক ছোট-বড় গর্ত। মাঝেমধ্যেই গর্তের মধ্যে চাকা পড়ে যানবাহন বিকল হয়ে যাচ্ছে। ছোটখাটো দুর্ঘটনা প্রায়ই ঘটে। রাতে এই সড়ক দিয়ে যানবাহন যাওয়া-আসা করলে কেঁপে ওঠে আশপাশের এলাকা। আর বৃষ্টি হলে গর্তে পানি জমে যায়। পাথর-বালি উঠে আশপাশে ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা আবদুর রাজ্জাক জানান, সড়কে গাড়ি চললে বিকট শব্দ হয়, যখন-তখন ঘটে দুর্ঘটনা। এলাকাবাসী কোদাল-ঝুড়ি নিয়ে মাটি দিয়েই সড়কের গর্ত ভরাট করেন। সরকারিভাবে মাঝেমধ্যে সংস্কার করতে আসে, তবে একটু বৃষ্টি হলেই আবার নষ্ট হয়ে যায়। বেহাল এই সড়ক কেউ দেখে না।
কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘সড়কটির নিচের অংশ খুবই দুর্বল হয়ে গেছে। এ জন্য মেরামত করা হলেও বেশি দিন স্থায়ী হচ্ছে না। আশা করছি আগামী সপ্তাহ থেকে মজবুত করে কাজ শুরু হবে।’