আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার দেশগুলোর সঙ্গে সড়ক, রেল ও নৌপথে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ঢাকায় দুই দিনব্যাপী আঞ্চলিক সম্মেলন শুরু হয়েছে। গতকাল বুধবার শেরাটন হোটেলে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এই সম্মেলনের উদ্বোধন করেন।যোগাযোগ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে বাংলাদেশ ও এডিবি ছাড়াও ভারত, নেপাল ও ভুটানের প্রতিনিধিরা অংশ নেন।উদ্বোধনী অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে বাংলাদেশ নতুন সড়ক, রেলপথ ও সেতু নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। টঙ্গী-ভৈরববাজার পর্যন্ত নতুন একটি রেললাইন স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে ভৈরব থেকে আখাউড়া পর্যন্ত আরও একটি রেললাইন করা হবে। দ্বিতীয় ভৈরব ও দ্বিতীয় তিতাস সেতুর কাজও শিগগির শুরু হবে।মন্ত্রী আরও বলেন, ত্রিপুরার সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ৩১ কিলোমিটার দীর্ঘ সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-আখাউড়া-সেনারবাদি সড়ককে সার্ক মহাসড়কের অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি প্রতিবেশী দেশগুলোকেও একইভাবে কাজ করার আহ্বান জানান।এডিবির আবাসিক পরিচালক থিভু কুমার কান্দিয়াহ বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো তাদের কৌশলগত ভূ-অবস্থানের সদ্ব্যবহার করে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্যের ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠতে পারে। এ কাজে সহায়তার জন্য এডিবি বেশ কিছু সমীক্ষা চালিয়েছে। প্রতিটি দেশের সরকার, আঞ্চলিক সংস্থা সার্ক, বিমসটেক ও সাসেকের সঙ্গে কাজ করছে।উদ্বোধনী অনুষ্ঠানের পর বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ভারত, নেপাল, ভুটান ও এডিবির প্রতিনিধিরা বৈঠক করেন। প্রতিটি দেশ তাদের বিদ্যমান যোগাযোগব্যবস্থা এবং ভবিষ্যতের করণীয় বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করে। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা জানান, অংশগ্রহণকারী দেশগুলোর কোন কোন খাতে অর্থায়ন করবে, তা ঠিক করার জন্যই এডিবি এই সম্মেলনের আয়োজন করে।