বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঞ্চলিক যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে সফররত ইন্দোনেশীয় পররাষ্ট্রমন্ত্রী রাদেন মোহাম্মদ মার্তি মুলিয়ানা নাতালেগাবা তাঁর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির। বৈঠকের পর প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব বিজন লাল দেব এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।গণতান্ত্রিক ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, এটি জনগণের সেবা ও উন্নয়ন নিশ্চিত করবে। তিনি দারিদ্র্যের প্রবণতা, সামাজিক কাঠামো, অর্থনীতি, সাংস্কৃতিক বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে সামঞ্জস্যের কথা উল্লেখ করেন।প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যকার বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন।বৈঠককালে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে বর্তমান সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ন্যাম, আসিয়ান, ওআইসিসহ আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সফররত পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের স্বার্থে ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনেরও আহ্বান জানান।নতুন পোপকে অভিনন্দন: প্রধানমন্ত্রী ২৬৬তম পোপ হিসেবে নির্বাচিত হওয়ায় কার্ডিনাল হোর্হে মারিও বেরগোগলিওকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল এক অভিনন্দনবার্তায় বলেন, তাঁর নেতৃত্বে (নতুন পোপ) ভ্যাটিকানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে। তিনি নতুন পোপের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।চীনের নতুন প্রেসিডেন্টকে শুভেচ্ছা: প্রধানমন্ত্রী চীনের নবনির্বাচিত প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল জিনপিংকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।