ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেটের চট্টগ্রাম আঞ্চলিক পর্বের শিরোপা জিতেছে লক্ষ্মীপুর জেলা দল। গতকাল সোমবার ফেনীর ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে এবং ফেনী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত আঞ্চলিক চূড়ান্ত পর্বের খেলায় চট্টগ্রাম জেলা দলকে ৩ উইকেটে হারিয়ে লক্ষ্মীপুর জেলা দল শিরোপা জেতে। প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম জেলা সব কটি উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে। জবাবে লক্ষ্মীপুর জেলা দল ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। লক্ষ্মীপুর জেলা দলের সম্রাট ইসলাম ৫ উইকেট পেয়ে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়। খেলা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।