জ্বালানি-নিরাপত্তার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় কার্যকর আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা প্রচুর। কিন্তু সরকার ও দেশগুলোর মধ্যে রাজনৈতিক টানাপোড়েন ও পারস্পরিক অনাস্থার কারণে এটি এখনো অনেক দূরের বিষয়।চতুর্থ দক্ষিণ এশীয় অর্থনৈতিক সম্মেলনের আঞ্চলিক জ্বালানি-নিরাপত্তাবিষয়ক অধিবেশনে বক্তারা এই অভিমত দিয়েছেন। গতকাল রোববার সকালে স্থানীয় একটি হোটেলে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।অধিবেশনের সভাপতি পাকিস্তানের সাবেক পররাষ্ট্রসচিব হুমায়ুন খান বলেন, এ অঞ্চলের জ্বালানি খাতের উন্নয়ন ও বিদ্যুৎ উৎপাদনের পূর্ণ সুযোগ ব্যবহার করা গেলে প্রয়োজনের চেয়েও বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। কিন্তু সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেই। যে পরিমাণ পানিবিদ্যুৎ উৎপাদনের সুযোগ এ অঞ্চলে রয়েছে, তার মাত্র সাড়ে ১২ শতাংশ বর্তমানে কাজে লাগানো হচ্ছে। আঞ্চলিক জ্বালানি-বাণিজ্যের ক্ষেত্রেও কোনো অগ্রগতি নেই। বিষয়গুলো যে অবস্থায় রয়েছে, তাতে কার্যকর আঞ্চলিক সহযোগিতা এখনো অনেক দূরের বিষয় বলেই মনে হয়।বাংলাদেশের জ্বালানি সম্পদ, এর ক্রমবর্ধমান চাহিদা ও প্রাপ্তির উল্লেখ করে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান বলেন, এ দেশে জ্বালানির ঘাটতি রয়েছে। এ ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সহযোগিতামূলক চুক্তিগুলো উল্লেখ করে বলেন, দক্ষিণ এশিয়ায় প্রথমে দ্বিপাক্ষিক সহযোগিতা গড়ে তুলে তা আঞ্চলিক সহযোগিতার পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা সফল হতে পারে।ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের লিডিয়া পাওয়েল সার্কের অধীনে ২০০৫ সাল থেকে গৃহীত বিভিন্ন উদ্যোগের উল্লেখ করে বলেন, উদ্যোগগুলোর উদ্দেশ্য নিঃসন্দেহে ভালো। তবে এখনো তার কোনো কিছু বাস্তব নয়। সবকিছু কাগজপত্রে সীমাবদ্ধ। কারণ, এগুলো বাস্তবে রূপ দেওয়ার জন্য রাজনৈতিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক যে পরিবর্তন ও ব্যবস্থাপনা দরকার, তা করা সম্ভব হয়নি।ভারতের আরেকজন অংশগ্রহণকারী নিত্যানন্দ আঞ্চলিক সহযোগিতার দুরবস্থার কিছু চিত্র তুলে ধরে বলেন, ভারতের এখন সর্বোচ্চ রপ্তানিপণ্য পরিশোধিত জ্বালানি তেল। মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল কিনে পরিশোধনের পর ভারত তা সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি করে। কিন্তু বাংলাদেশ ভারতের কাছ থেকে ওই তেল কেনে না। হয়তো ওই তেলই বাংলাদেশ কেনে সিঙ্গাপুর কিংবা আরব আমিরাতের কাছ থেকে।পাকিস্তানের পরিকল্পনা কমিশনের সাবেক পরিচালক আরশাদ এইচ আব্বাসী বলেন, এ অঞ্চলে এখনো পর্যন্ত আন্তদেশীয় কোনো গ্যাস পাইপলাইন স্থাপিত না হওয়া দুর্ভাগ্যজনক। আন্তদেশীয় বিদ্যুৎ সরবরাহও অনুল্লেখ্য। কিন্তু পৃথিবীর অন্যান্য অঞ্চলের অবস্থা সম্পূর্ণ ভিন্ন।ভুটানের কাঞ্চি দর্জি তাঁর দেশে পানিবিদ্যুৎ উৎপাদনের সুযোগ ও তা ব্যবহারের বিষয়টি উপস্থাপন করে বলেন, নিজেদের চাহিদা মিটিয়ে তাঁরা ভারতে বিদ্যুৎ রপ্তানি করছেন এবং ক্রমান্বয়ে তা বাড়ছে।এশীয় উন্নয়ন ব্যাংকের মুখ্য জ্বালানি উপদেষ্টা হেরাথ গুনতিলকে বলেন, দক্ষিণ এশিয়া সার্বিকভাবে একটি জ্বালানি-ঘাটতির অঞ্চল। প্রয়োজনীয় অবকাঠামোর অভাব। কিন্তু জনসংখ্যা বেশি এবং শিল্প ও অর্থনীতি উন্নয়নমুখী হওয়ায় জ্বালানির চাহিদা বাড়ছে। তাই সহযোগিতা এ অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পারস্পরিক স্বার্থে এ অঞ্চলের প্রতিটি সরকারকে এ সত্য উপলব্ধি করে রাজনৈতিক ও আর্থসামাজিক লক্ষ্য নির্ধারণ করতে হবে।