আঞ্চলিক সহযোগিতা নিয়ে চট্টগ্রামে আজ বক্তব্য দেবেন এম জে আকবর
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র ও শীর্ষস্থানীয় ভারতীয় সাংবাদিক এম জে আকবর আজ রোববার চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে একক বক্তৃতা দেবেন। ‘অগ্রগতির পথে আঞ্চলিক সহযোগিতা ও এর চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক এ বক্তৃতার আয়োজন করেছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) চট্টগ্রাম চ্যাপ্টার।
গতকাল শনিবার চট্টগ্রাম ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইবিএফবির চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি এস এম আবু তৈয়ব। এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী, পরিচালক মো. আবদুল মবিন ও ওয়াসিউর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রেডিসন ব্লু হোটেলে বেলা ১১টায় প্রায় ১০০ আমন্ত্রিত অতিথির সামনে আঞ্চলিক সহযোগিতাবিষয়ক বক্তৃতা দেবেন এম জে আকবর। বক্তৃতার পরই থাকবে প্রশ্নোত্তর পর্ব।
এম জে আকবর ভারতের সানডে, দ্য টেলিগ্রাফ, ইন্ডিয়া টুডেসহ বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন। সর্বশেষ ভারতের ইংরেজি সাপ্তাহিক দ্য সানডে গার্ডিয়ান-এর প্রধান সম্পাদক ছিলেন তিনি। ২০১৪ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদানের পর দলের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। গত বছর ভারতের ঝাড়খন্ড রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন তিনি।