প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। এ অঞ্চলের সব মানুষের সামাজিক অগ্রগতি ও টেকসই উন্নয়নে সার্ককে অনুঘটক মনে করে।সফররত সার্ক মহাসচিব ফাতিমা ধিয়ানা সাইদ গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, সার্কভুক্ত দেশগুলো দক্ষিণ এশিয়ায় গণতন্ত্রের বিকাশ, গণতন্ত্রচর্চা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।প্রধানমন্ত্রী আঞ্চলিক বীজ ব্যাংক গঠনে সার্ক চুক্তি এবং আঞ্চলিক ম্যাটেরিয়াল ট্রান্সফার ফ্রেমওয়ার্ক-সংক্রান্ত চুক্তিসহ চারটি সার্ক চুক্তি চূড়ান্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। ১৭তম সার্ক শীর্ষ সম্মেলনে এগুলো স্বাক্ষরের জন্য প্রস্তুত থাকবে বলে তিনি আশা করেন।বৈঠকে সার্ক মহাসচিব ফাতিমা আগামী নভেম্বরে মালদ্বীপে অনুষ্ঠেয় ১৭তম সার্ক শীর্ষ সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে শেখ হাসিনাকে জানান।এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।মিয়ানমারের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর সঙ্গে সকালে তাঁর কার্যালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ মিন লোইন সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সাধারণ জনগণের উন্নয়নে বলিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে উন্নয়নশীল দেশগুলোর নিজস্ব ও সামষ্টিক প্রচেষ্টা জোরদার করা প্রয়োজন।পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, সাক্ষাৎকালে তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে সরাসরি বিমান, সড়ক ও রেল যোগাযোগ স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, এতে দুই দেশের মধ্যে যৌক্তিক মূল্যে পণ্য পরিবহনে ভৌত অবকাঠামো গড়ে উঠবে।