আঞ্চলিক সড়ক যোগাযোগে চার দেশের চুক্তি ১৫ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে আঞ্চলিক সড়ক যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আদলে আগামী ১৫ জুন একটি চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। ভুটানের রাজধানী থিম্পুতে এই চার দেশের মধ্যে চুক্তিটি হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল বৃহস্পতিবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ষষ্ঠ সভায় এ তথ্য জানান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দপ্তর নগর ভবনের সেমিনার কক্ষে ওই সভায় তিনি প্রধান অতিথি ছিলেন। সভায় মন্ত্রী বলেন, এ চুক্তির ফলে ইইউভুক্ত দেশগুলোর আদলে এই চারটি দেশের মধ্যে সড়ক যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে। তবে এই ব্যবস্থা কেবল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে, পণ্য পরিবহনের ক্ষেত্রে নয়।
প্রসঙ্গত, ইইউভুক্ত দেশগুলোর নাগরিকেরা নিজ দেশ থেকে সড়কপথে অন্যান্য দেশে যাতায়াত করতে পারেন।
সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী, গাজীপুরের ভারপ্রাপ্ত মেয়র; মানিকগঞ্জ, সাভার, নরসিংদী ও মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র, জনপ্রতিনিধি, সরকারের বিভিন্ন দপ্তরের সচিব ও দায়িত্বশীল কর্মকর্তা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় মেয়র আইভীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের সড়ক বিভাগের সচিব ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিবকে ভর্ৎসনা করেন।
সভায় ঢাকার দুই সিটি করপোরেশনের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুন গুলিস্তান এলাকা, ১২ জুন ফার্মগেট এলাকা ও ১ জুলাই থেকে সারা ঢাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার কাজ শুরু হবে।
সভায় ওবায়দুল কাদের ঢাকার দুই নতুন মেয়রকে উদ্দেশ করে বলেন, ‘ভোটের রাজনীতি অনেক সময় ভালো কাজ করতে দেয় না। আপনাদের ভোট নিয়ে চিন্তা করতে হবে না। তাই দ্রুত ব্যবস্থা নিয়ে নেবেন। বিড়াল মারবেন প্রথম রাতেই। পরে মারলে হবে না।’ তিনি ঢাকার যানজট নিরসনে জনসভার জন্য নির্ধারিত দিন ঠিক করে দেওয়া যায় কি না, সে ব্যাপারে দুই মেয়রকে সিদ্ধান্ত নিতে বলেন। তিনি বলেন, ঢাকায় দেড় লাখ গাড়ি চলার উপযোগী সড়ক আছে। কিন্তু গাড়ি চলছে ১২ লাখ। রিকশার নিবন্ধন আছে ৮০ হাজারের, কিন্তু চলছে ১০ লাখ। যানজট অসহনীয় হয়ে উঠছে। বিলবোর্ডের কারণে ঢাকার সৌন্দর্যহানি হচ্ছে।
সাঈদ খোকন বলেন, কাজ করতে গেলে নানা বাধা আছে। সবার সহযোগিতা দরকার। তিনি আরও সহযোগিতা করতে পুলিশের প্রতি আহ্বান জানান। সভায় রাজউকের কেউ উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সুন্দরবন হোটেল-সংলগ্ন স্থানে এত বড় একটা ধসের ঘটনার পর রাজউকের কোনো প্রতিনিধির সভায় থাকা উচিত ছিল। আমন্ত্রণ জানানো হলেও তাঁরা আসেননি।
আনিসুল হক আগামী দুই বছরের মধ্যে ঢাকাকে সুন্দর শহর করার অঙ্গীকার করেন। তিনি বলেন, অবৈধ কাজের পেছনে শক্তিমানেরা আছেন। তারপরও পর্যায়ক্রমে সবকিছু করা হবে।
সড়কসচিব ও পরিবেশসচিবকে ভর্ৎসনা: সভায় মেয়র আইভী মন্ত্রীর কাছে অভিযোগ করেন, এর আগের সভায় মন্ত্রী বাসস্টপেজ করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে জায়গা বরাদ্দ দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু তা দেওয়া হয়নি। এ কথা শুনে ওবায়দুল কাদের সড়কসচিব এম এ এন সিদ্দিক ও প্রধান প্রকৌশলীকে ভর্ৎসনা করেন। কেন তা দেওয়া হয়নি তা জানতে চান। তিনি বলেন, ‘আমি আইভীর কাছে প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু এতে তা ভঙ্গ হলো। আগামী বুধবারের মধ্যে আপনারা এই জায়গা বরাদ্দ দেবেন।’
মেয়র আইভী এরপর মন্ত্রীকে বলেন, সড়ক পরিবহনের জায়গায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ময়লা ফেলত। এ জন্য করপোরেশনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অথচ সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অনেক জায়গায় ময়লা ফেলা হচ্ছে। তাঁর সঙ্গে কেন এই বিমাতাসুলভ আচরণ?
সেতুমন্ত্রী এর ব্যাখ্যা জানতে চাইলে পরিবেশসচিব কামালউদ্দিন আহমেদ অন্য বিষয়ে কথা বলে বিষয়টি এড়িয়ে যেতে চান। কিন্তু মন্ত্রী এ বিষয়ে জানতে চান। পরিবেশসচিবকে ভর্ৎসনা করে মন্ত্রী বলেন, তাঁর মন্ত্রণালয়ের অনেক জমিতেই তো ময়লা ফেলা হচ্ছে। তাহলে একটি ক্ষেত্রে কেন জরিমানা? তিনি সচিবকে এ বিষয়ে দ্রুত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন।