আঞ্জুমানের এতিমখানা আজ ২৭৩ অনাথের নিশ্চিন্ত আশ্রয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় এতিমখানাটির বাসিন্দা বলতে ছিল ‘দু-তিনটি ছেলে, কয়েকটি মোরগ আর একটি বানর’। সেবামূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলামসহ একদল উদ্যোগী মানুষের প্রচেষ্টায় আজ এই অনাথাশ্রম ২৭৩ জন এতিম ছেলেমেয়ের পরম নির্ভরতার ঠিকানা।পুরান ঢাকার গেন্ডারিয়ার এস কে দাস রোডে আঞ্জুমান বালিকা হোমের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে স্মৃতিচারণা করতে গিয়ে এ কথা জানালেন আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি এ বি এম জি কিবরিয়া। এতিমখানার মেয়েদের থাকার স্থান বালিকা হোমের তিনতলা ভবনটি নির্মাণে খরচ হয়েছে প্রায় এক কোটি টাকা। এতে বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।অনুষ্ঠানের প্রধান অতিথি আঞ্জুমানের সভাপতি এ বি এম জি কিবরিয়া বলেন, সবাই একসঙ্গে কাজ করেছে বলেই আঞ্জুমান মুফিদুল ইসলাম আজ এই জায়গায় এসেছে। বিশেষ অতিথি লায়ন আজিম বখ্শ বলেন, এই এতিমখানার ভবন রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে পড়ত। হোমের সভাপতি মোর্শেদ আলম চৌধুরী জানান, বালিকা হোম যাত্রা শুরু করে ১৯৬০ সালে। তখন শিক্ষার্থী ছিল মাত্র ১৯ জন। এখন শতাধিক শিক্ষার্থী রয়েছে। অনুষ্ঠানে নিজের সংগ্রামী জীবনের কথা তুলে ধরে এতিমখানার সাবেক শিক্ষার্থী সোনিয়া আক্তার। অনুষ্ঠানে আঞ্জুমানের নির্বাহী পরিচালক কাজী আবুল কাশেম, ট্রাস্টি হাজি মোহাম্মদ আসলাম ও আবদুর রশিদ রাশেদও বক্তব্য দেন।