আঞ্জুয়ারাকে গ্রেপ্তারকারী এসআইকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যের পরোয়ানায় গ্রেপ্তার হয়ে আঞ্জুয়ারা বেগমের বিনা দোষে হাজতবাসের ঘটনায় জড়িত থাকায় বগুড়া সদর থানার উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. এমরানুল কবিরকে অবশেষে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। গত বৃহস্পতিবার তাঁকে বগুড়া পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়।বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক জানান, পুলিশি তদন্তে প্রমাণিত হয়েছে লাইলী বেগম ভেবে আঞ্জুয়ারাকে গ্রেপ্তার করা হয়েছিল। এ জন্য কর্তব্যে অবহেলার কারণে এসআই এমরানুল কবিরকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।গত ৩১ অক্টোবর হাইকোর্ট বগুড়া, জয়পুরহাট ও নাটোরের পুলিশ সুপারকে ডেকে আঞ্জুয়ারাকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দেন এবং বিনা দোষে হাজতবাসের ঘটনা তদন্ত করে দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। হাইকোর্টের ওই নির্দেশের পর পুলিশ সুপার মোজাম্মেল হক গত বৃহস্পতিবার এসআই এমরানুল কবিরকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেন।জানা গেছে, এমরানুল কবিরের নেতৃত্বে পুলিশ গত ৩ আগস্ট নিশিন্দারা পাইকপাড়া মহল্লার ভাড়া বাসা থেকে আঞ্জুয়ারা বেগমকে গ্রেপ্তার করে। একটি মামলায় লাইলী বেগম নামের এক নারীর নামে বের হওয়া পরোয়ানা তামিল করতে গিয়ে তাঁরা তাঁকে গ্রেপ্তার করে। এ নিয়ে ২৫ অক্টোবর প্রথম আলোতে ‘পরোয়ানা লাইলী বেগমের নামে, হাজতবাস আঞ্জুয়ারা বেগমের’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।