অন্যের নামে মামলায় আটক বগুড়ার আঞ্জুয়ারা বেগমকে আজ বুধবার সকালে আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) আদালতে হাজির হতে বলা হয়েছে।গতকাল মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।বগুড়ার পুলিশ লাইলী বেগম নামের এক নারীর পরোয়ানার জেরে আঞ্জুয়ারা বেগমকে আটক করেছিল। তাঁকে এ জন্য হাজতবাস ছাড়াও দুই জেলার আদালতে হাজিরা দেওয়ার মতো হয়রানির শিকার হতে হয়েছে।‘পরোয়ানা লাইলী বেগমের নামে হাজতবাস আঞ্জুয়ারা বেগমের’ শিরোনামে প্রথম আলোয় ২৫ অক্টোবর প্রতিবেদন ছাপা হয়। এই প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দুই আইনজীবী মঙ্গলবার রিট আবেদনটি (হেবিয়াস কর্পাস) করেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খুরশীদুল আলম। পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ‘আঞ্জুয়ারা বেগমের মামলা আছে নাটোর ও জয়পুরহাটে। এখন তাঁকে কোথায় রাখা হয়েছে, তা জানি না। এ কারণে তিন জেলার পুলিশ সুপারের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। আঞ্জুয়ারা বেগম যাঁর এলাকায় আছেন, তিনি তাঁকে নিয়ে আসবেন।’বগুড়ার পুলিশ সুপার মো. মোজামেঞ্চল হক প্রথম আলোকে বলেন, ‘বুধবার বেলা ১১টার মধ্যে তিন জেলার পুলিশ সুপারকে হাজির থাকতে বলেছেন। একই সঙ্গে আঞ্জুয়ারা বেগমকেও হাজির করতে বলেছেন আদালত।’এদিকে উচ্চ আদালতের আদেশের খবর পৌঁছার পর পরই উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) এমরানুল কবিরকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন বগুড়ার পুলিশ সুপার। সুপার বিষয়টি নিশ্চিত করেছেন। উপপরিদর্শক এমরানুল কবিরই আঞ্জুয়ারা বেগমকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠান।পুলিশ ও কারা সূত্রের বরাত দিয়ে প্রথম আলোর ২৫ অক্টোবরের প্রতিবেদনে বলা হয়, লাইলী বেগমের নামে চোরাচালানের অভিযোগে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশের ভুলে দুই মাস ২০ দিন ধরে বিনা অপরাধে হাজতবাসসহ দুই জেলার আদালতে হাজিরা দিতে হচ্ছে নিরপরাধ আঞ্জুয়ারা বেগমকে।পুলিশ লাইলী বেগমকে গ্রেপ্তারের পরোয়ানা তামিল করতে গিয়ে গত ৩ আগস্ট ভোরে চারমাথা এলাকা থেকে আঞ্জুয়ারাকে (৪৪) আটক করে। আঞ্জুয়ারার স্বামী আবদুল আজিজ চারমাথা এলাকার পান দোকানি। পরে পুলিশ আঞ্জুয়ারার জাতীয় পরিচয়পত্র, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার প্রতিবেদন যাচাই করে নিশ্চিত হয় যে গ্রেপ্তার হওয়া নারী লাইলী বেগম নন। আইনী সহায়তাবিষয়ক প্রতিষ্ঠান বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) বিনা অপরাধে হাজতে থাকা আঞ্জুয়ারাকে মুক্তি দিতে গত ৬ সেপ্টেম্বর বগুড়ার পুলিশ সুপারের বরাবর আবেদন করে। বিষয়টি ২১ অক্টোবর জেলা মামলা সমন্বয় সভাতেও ওঠে।