আঞ্জুয়ারার বাড়িতে চিকিৎসক দল
রংপুরের বদরগঞ্জে গত বুধবার শিকলবন্দী সেই আঞ্জুয়ারা খাতুনের (২১) বাড়িতে গিয়ে তাঁর খোঁজখবর নিয়েছে তিন সদস্যের একটি চিকিৎসক দল। বুধবার বিকেলে আওয়ামী লীগের পক্ষ থেকে আঞ্জুয়ারার বাড়িতে গিয়ে তাঁর হাতে ওষুধপত্রসহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়।
এ ছাড়া গত মঙ্গলবার ইউএনও কাজী আবেদা গুলশান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতারসহ বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তারাও বাড়িতে গিয়ে আঞ্জুয়ারার খোঁজ নিয়েছেন।
আঞ্জুয়ারাকে নিয়ে গত রোববার প্রথম আলোর বিশাল বাংলায় ‘সুখে দুঃখে ভেসে যাব...’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আহসানুল হক চৌধুরী ওই প্রতিবেদন প্রকাশের পর গত সোমবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোয়ারা বেগমকে আঞ্জুয়ারার চিকিৎসাসেবা নিশ্চিত করতে বলেন। পরে মনোয়ারার নেতৃত্বে একটি চিকিৎসক দল গঠন করা হয়। দলের অন্য সদস্যরা হলেন স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত আরএমও সাদিকুর রহমান ও জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) নারায়ণ চন্দ্র সরকার। এদিকে বুধবার বিকেলে সাংসদের নির্দেশে আঞ্জুয়ারার বাড়িতে গিয়ে তাঁকে ওষুধপত্র, নতুন পোশাক ও কিছু কসমেটিকস সামগ্রী দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মমতাজ উদ্দিন ও ছাত্রলীগের সাবেক নেতা রেজাউল।
ব্র্যাকের সিনিয়র জেলা ব্যবস্থাপক সাজ্জাদুজ্জামান চৌধুরী, আরডিআরএসের জেলা নারী অধিকার কর্মকর্তা শমসেয়ারা বিলকিছ, ব্র্যাকের উপজেলা লিগ্যাল এইড কর্মকর্তা এনামুল হক গত সোমবার আঞ্জুয়ারার বাড়িতে গিয়ে তাঁর চিকিৎসাসহ যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন।
লালদীঘি বানিয়াপাড়া গ্রামের আঞ্জুয়ারা ২০০৬ সালে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পায়। বাবা-মা তাঁকে জোর করে এক ব্যক্তির বাড়িতে কাজের মেয়ে হিসেবে পাঠালে আঞ্জুয়ারা শারীরিক ও মানসিক নির্যাতনে ভারসাম্য হারিয়ে ফেলেন।