আট আসামির অব্যাহতি চেয়ে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার প্রথম অভিযোগপত্রে অভিযুক্ত আট আসামি মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। গতকাল মঙ্গলবার হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজীব কুমার বিশ্বাসের আদালতে হাজির হয়ে তাঁরা এই আবেদন করেন।অব্যাহতি চেয়ে আবেদন করা আসামিরা হলেন: জিয়া স্মৃতি ও গবেষণা পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুল কাইয়ুম, জমির আলী, জয়নাল আবেদীন মুমিন, জয়নাল আবেদীন জালাল, শাহেদ আলী, আয়াত আলী, তাজুল ইসলাম ও সেলিম আহমেদ।আদালতে আবদুল কাইয়ুম বলেন, পুলিশের তদন্তে ও সম্প্রতি দেওয়া সম্পূরক অভিযোগপত্রে তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। কাজেই তাঁরা এই মামলা থেকে অব্যাহতি চান।এ সময় কিবরিয়া হত্যা মামলার আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আলমগীর ভূঁইয়া বলেন, আজ শুধু হাজিরার তারিখ। এখানে শুনানির কোনো সুযোগ নেই। তাঁদের অব্যাহতি দেওয়ার বিষয়টি সিলেটের বিচারিক আদালত দেখবেন।আদালত কোনো আদেশ না দিয়ে আগামী ৭ মার্চ হাজিরার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।কিবরিয়া হত্যা মামলায় সিআইডির তৎকালীন এএসপি মুন্সি আতিকুর রহমান ২০০৫ সালের ১৯ মার্চ এ কে এম আবদুল কাইয়ুমসহ ১০ জনকে অভিযুক্ত করে প্রথম অভিযোগপত্র দাখিল করেন। এই অভিযোগপত্রের বিরুদ্ধে মামলার বাদী আবদুল মজিদ খান নারাজি ও বর্ধিত তদন্তের আবেদন জানালে হাইকোর্টের নির্দেশে সিআইডির এএসপি রফিকুল ইসলামকে বর্ধিত তদন্তের দায়িত্ব দেওয়া হয়।