আট আসামির জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলায় চার শিশু হত্যা মামলায় আট আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ বিচারিক হাকিম আদালত এ আদেশ দেন। এদিকে এ মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানি পিছিয়ে ২৫ মে ধার্য করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, আলোচিত এ হত্যার মামলার নয় আসামির মধ্যে র্যা বের গুলিতে নিহত বাচ্চু মিয়া ছাড়া অন্য আটজনের পক্ষে গতকাল হবিগঞ্জ বিচারিক হাকিম আদালতে জামিন চাওয়া হয়। পাশাপাশি হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত দুটি অটোরিকশাসহ জব্দকৃত অন্যান্য আলামতের ছাড় চাওয়া হয়। তবে শুনানি শেষে আদালতের বিচারক কাউছার আলম তা নামঞ্জুর করেন।
ওই আট আসামি হলেন বাহুবলের সুদ্রাটিকি গ্রামের পঞ্চায়েত নেতা আবদুল আলী (৬০), তাঁর পক্ষের জুয়েল মিয়া (২০), হাবিবুর রহমান ওরফে আরজু (৪০), রুবেল মিয়া (১৮), ছায়েদ আলী (৩২), বিল্লাল মিয়া (৩০), উস্তার মিয়া (৩৮) ও বাবুল মিয়া (৪৫)। এঁদের মধ্যে বিল্লাল, উস্তার ও বাবুল পলাতক। বাকিরা কারাগারে রয়েছেন।
গতকাল এ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে জেলা জজ আদালতে আসামিদের জামিন প্রক্রিয়ার আবেদন থাকায় গতকাল অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানি হয়নি। আদালত এ জন্য ২৫ মে পরবর্তী দিন ধার্য করেন।
সুদ্রাটিকি গ্রামে গত ১৭ ফেব্রুয়ারি ওই চার শিশুর অর্ধগলিত লাশ বালুচাপা অবস্থায় পাওয়া যায়। তারা ১২ ফেব্রুয়ারি বাড়ির পাশের একটি মাঠে ফুটবল খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। গত ১৬ ফেব্রুয়ারি বাহুবল থানায় কারও নাম উল্লেখ ছাড়াই নিখোঁজের মামলা করা হয়। লাশ উদ্ধারের পর পুলিশ তদন্ত করে নয়জনকে অভিযুক্ত করে ৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয়।