আট আসামির জামিনের পর অবশেষে একজনের নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলায় চৌবাড়িয়া গ্রামে দুই শিশু নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় পরপর আট আসামির জামিনের পর গতকাল এক আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। এদিকে নির্যাতনের শিকার দুই শিশুর এলাকার লোকজন বেলা পৌনে একটার দিকে শিশু নির্যাতন বন্ধের দাবিতে আদালত চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
জামিন নামঞ্জুর হওয়া ওই আসামির নাম মাসিম। গতকাল রোববার দুপুরে তিনি শিশু আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে মাসিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ হায়দার আলী খোন্দকার।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি পূর্ণিমা ভট্টাচার্য্য বলেন, এজাহারে জামিনযোগ্য ধারা থাকার কারণে আগের আসামিদের জামিন হয়েছে। মাসিমের বিরুদ্ধে দুই শিশুকে গলা চেপে ধরে হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। এটি জামিন অযোগ্য অপরাধ। মাসিমকে কারাগারে পাঠানোর পর নির্যাতনের শিকার শিশুর এলাকার লোকজন বেলা পৌনে একটার দিকে আদালত চত্বরে মানববন্ধন করেন।
১২ ফেব্রুয়ারি পবার বাগসারা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র জাহিদ হাসান ও ইমন আলীকে মুঠোফোন চুরির সন্দেহে ধরে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে একটি ঘরের মধ্যে ছয় ঘণ্টা নির্যাতন করা হয়।
নির্যাতনের শিকার দুই শিশুর জবানবন্দি ২২ ফেব্রুয়ারি আদালতে রেকর্ড করা হয়। অবশ্য এর আগেই আট আসামি জামিন পান।