আট আসামির পকেটে পাওয়া গেল হাতকড়া ও নকল চাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকল চাবি দিয়ে গতকাল বুধবার হাতকড়া খুলে ফেলেছিলেন বিডিআরে বিদ্রোহের মামলার ২৪ রাইফেল ব্যাটালিয়নের আট আসামি। আসামিদের বিশেষ আদালতে ঢোকানোর আগে তল্লাশি করে এবং আদালতে স্থাপিত ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ধারণ হওয়া দৃশ্য দেখে ওই আটজনের পকেট থেকে খোলা হাতকড়া ও নকল চাবি উদ্ধার করা হয়। আদালত তাঁদের বিরুদ্ধে কারাবিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন।২৪ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক ও এই মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল শামসুর রহমান বলেন, এভাবে হাতকড়া খোলার ঘটনায় তাঁরা বিস্মিত। হাতকড়ার নকল চাবি আট জওয়ানের পকেটে পাওয়া গেছে।সূত্র জানায়, ২৪ রাইফেল এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় করা মামলার আসামির সংখ্যা ৬৬৭ জন। বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭-এ এই মামলার বিচারকাজ চলছে। গতকাল আদালতের কার্যক্রম শুরুর আগে সকাল সাড়ে আটটার দিকে আসামিদের গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ২৪ রাইফেল ব্যাটালিয়নের সব আসামিকে হাতকড়া পরিয়ে আনা হয়। এজলাসে রাখা বেঞ্চে সব আসামিকে বসতে দেওয়া হয়।সূত্র আরও জানায়, আদালতে ঢোকানোর আগে আসামিদের তল্লাশি করার সময় ২৪ রাইফেলের দুজনের হাত খোলা অবস্থায় পাওয়া যায়। তাঁদের দেহ তল্লাশি করে পকেটে খোলা হাতকড়া ও হাতকড়ার নকল চাবি পাওয়া যায়। নিয়ম অনুসারে কারাগার থেকে আসামিদের হাতকড়া পরিয়ে আনা হয়। এর চাবি থাকে কারারক্ষীদের হাতে।বিডিআরের কর্মকর্তারা জানান, দুজনের পকেটে হাতকড়া পেয়ে তাঁদের সন্দেহ বাড়ে। পরে দরবার হলে স্থাপিত সিসিটিভিতে দেখা যায়, আরও ছয় জওয়ানের হাতে হাতকড়া নেই। হাতকড়া খোলা অবস্থায় তাঁরা আদালতে বসে আছেন। পরে দেহ তল্লাশি করে তাঁদের পকেটেও চাবি পাওয়া যায়। কারাগারে থাকা অবস্থায় তাঁরা ওই চাবি তৈরি করেছেন।এরপর প্রসিকিউটর আদালতকে জানান, আটজন আসামিকে হাতকড়া খোলা অবস্থায় পাওয়া গেছে। তাঁদের পকেটে হাতকড়া ও তা খোলার চাবি ছিল। এই আটজন হলেন সেপাই মোফাক্কর আলী, ইউসুফ আলী, আবদুর রহিম, সাজেদুল ইসলাম, রমজান আলী, শফিকুল ইসলাম, আবুল কাশেম ও ইসমাইল সরকার। আদালত তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এই মামলায় গতকাল আরও এক সাক্ষী নায়েক মো. একরামুল করিম সাক্ষ্য দিয়েছেন। আগামী ১ জানুয়ারি পর্যন্ত আদালত মুলতবি করা হয়।