আট আসামির রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া উপজেলার ভূইয়ারা উচ্চবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ওপর যুবলীগ কর্মীদের হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আট আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজিব কুমার বিশ্বাসের আদালত তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন, আট আসামির মধ্যে মনির হোসেন, ফারুক হোসেন, লিটন ও মোজাম্মেল হোসেনের দুই দিন করে এবং পপি আক্তার, আলাউদ্দিন, মো. সবুজ ও ওয়াজি উল্লার এক দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। প্রত্যেকের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। ১৭ আগস্ট রাতে পাঁচজনকে এবং পরদিন বিকেলে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
যুবলীগের কর্মী ফারুক, লিটন, মনিরসহ একদল তরুণ ১৪ আগস্ট এ বিদ্যালয়ে এসে চাঁদা চান। চাঁদা না দেওয়ায় প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার ও সহকারী শিক্ষক ফজলুর রহমানকে তাঁরা লাঞ্ছিত করেন। এ ঘটনায় ১৬ আগস্ট বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদের আয়োজন করলে যুবলীগের কর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালান। এতে ৪০ শিক্ষার্থী আহত হয়।