আট ইউপিতে ভোট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলুপ্ত ছিটমহল অন্তর্ভুক্ত হয়েছে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার এমন আটটি ইউনিয়নে ৩১ মার্চ পূর্বনির্ধারিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ হচ্ছে না। গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের এ-সংক্রান্ত একটি আদেশ লালমনিরহাটে পৌঁছেছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম।
৩১ মার্চ হাতীবান্ধার ১২টি ও পাটগ্রামের আটটি ইউনিয়নে একযোগে নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করা হয়েছিল। লালমনিরহাটের পাটগ্রামের সাতটি ও হাতীবান্ধার একটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।
ভোট গ্রহণ স্থগিত হওয়া ইউনিয়নগুলো হচ্ছে পাটগ্রামের কুচলিবাড়ি, জগতবেড়, বাউড়া, জোংড়া, শ্রীরামপুর, বুড়িমারী ও পাটগ্রাম ইউনিয়ন। এসব ইউনিয়নে ভেতরে সদ্যবিলুপ্ত ৫৭টি ছিটমহল পড়েছে।
লালমনিরহাট জেলা ও সংশ্লিষ্ট দুই উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লালমনিরহাটের ৫৯টি বিলুপ্ত ছিটমহলের মধ্যে পাটগ্রামে ৫৫টির অবস্থান। এর মধ্যে ১৯টিতে কোনো জনবসতি নেই। বাকি ৩৬টিতে লোকসংখ্যা ৯ হাজার ৬৪৫ জন। উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে সাতটির সঙ্গে যুক্ত রয়েছে এসব বিলুপ্ত ছিটমহল। অন্যদিকে হাতীবান্ধার ১২টি ইউনিয়নের মধ্যে শুধু গোতামারীতে পড়েছে দুটি বিলুপ্ত ছিটমহল। আর অবশিষ্ট দুটি বিলুপ্ত ছিটমহল এখন সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের অন্তর্ভুক্ত।
৩১ মার্চ হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার সব কটি ইউনিয়নে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে সর্বত্র নির্বাচনী আমেজ বিরাজ করলেও ভোটাধিকার নিয়ে শঙ্কায় ছিলেন এসব ইউনিয়নের ভেতরে অবস্থিত সদ্যবিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করাসহ সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর ভোট গ্রহণ পিছিয়ে দেওয়ার দাবিতে গত বৃহস্পতিবার পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেন সদ্যবিলুপ্ত ছিটমহলের ভোটার হওয়ার উপযুক্ত বাসিন্দারা।
পাটগ্রামের ১১৯, ১১২ ও ১৫ নম্বর বাঁশকাটা গ্রাম ও ১৪ নম্বর লতামারী গ্রামের উপযুক্ত ব্যক্তিদের ভোটার তালিকায় নাম উঠবে—গতকাল বিকেলে এ খবর পেয়ে সদ্যবিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা উল্লাসে ফেটে পড়েন। এ সময় রফিকুল ইসলাম (৫০) বলেন, ‘হামরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হইনো বাহে। এলা ভোটও দিবার পামো। আগোত প্রতিবেশী ভাইয়ের ঘোর ভোটের সময় ভোট দিবার যায়, আর হামরলা খালি দেখি। এলা নিজেই ভোট দিবার যামো বাহে, মনের মতন মানষিক (মানুষ) ভোট দিবা পামো। এলা হামার জন্যে আনন্দের আর শেষ নাই।’
লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বলেন, ‘জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার ২০টি ইউনিয়নের মধ্যে আটটিতে ৩১ মার্চ পূর্বনির্ধারিত ভোট গ্রহণ হচ্ছে না বলে মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে প্রেরিত জরুরি ফ্যাক্স বার্তায় জানতে পেরেছি।’ তিনি বলেন, এর মধ্যে পাটগ্রামের ছিটমহল-সংশ্লিষ্ট সাতটি ও হাতীবান্ধার একটি ইউনিয়ন রয়েছে। এ দুই উপজেলার অন্য ১২টি ইউনিয়ন পরিষদে ৩১ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
গত রোববার প্রথম আলোয় ‘ইউপি নির্বাচনে ভোট দিতে চান বিলুপ্ত ছিটমহলবাসী’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।