আট ইউপিতে শান্তিপূর্ণ ভোট
চুয়াডাঙ্গা সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে (ইউপি) গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। একই দিন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার তিন ইউপি ও পটুয়াখালী সদরের এক ইউপিতে মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করা হয়।
চুয়াডাঙ্গা: সদর উপজেলার চারটি ইউনিয়নে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়েছে। চারটি ইউনিয়নের অন্তত ২০টি কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রতিটি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে সকাল নয়টা থেকে বেলা ১১টা ও বেলা তিনটার পর থেকে ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। ’
জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, ‘যেসব এলাকায় ভোট গ্রহণ হয়েছে, সেখানে মানুষের মধ্যে ঈদের আনন্দ লক্ষ করা গেছে। ভোটাররা নবজাতক শিশুকে নিয়েও ভোটকেন্দ্রে গেছেন। এমন ঘটনা বিরল।’
ফরিদপুর: জেলার আলফাডাঙ্গা উপজেলার তিন ইউনিয়ন হলো বানা, পাঁচুড়িয়া ও টগরবন্ধ। গতকাল তিন ইউপির বিভিন্ন কেন্দ্রে দেখা যায়, শান্তিপূর্ণ পরিবেশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোটাররা ভোট দিচ্ছেন। ছোটখাটো কিছু অনিয়ম চোখে পড়লেও বড় ধরনের কোনো ব্যত্যয় ঘটতে দেখা যায়নি। পাঁচুড়িয়া ইউনিয়নের ধুলঝুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগ সৃষ্টির অভিযোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জালাল উদ্দিনের ছেলে শাকিলকে আটক করেন বিজিবি সদস্যরা।
একই ইউনিয়নের যোগীবরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি বুথে একাধিক ব্যক্তিকে একসঙ্গে ভোট দিতে দেখা যায়। বানা ইউনিয়নের দীঘলবানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুদ্রবানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেল বায়না সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিরাপত্তার ব্যবস্থা ছিল ঢিলেঢালা।
পটুয়াখালী: পটুয়াখালী সদরের বড় বিঘাই ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে দু-একটি কেন্দ্রে প্রার্থীদের পক্ষে কেউ কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন মর্মে অভিযোগ পাওয়া গেছে।
সকাল সাড়ে আটটায় পূর্ব বিঘাই জনতা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সকাল সাড়ে নয়টার দিকে বিঘাই হাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, ভোটারদের দীর্ঘ সারি। কয়েকজন ভোটার বলেন, তাঁরা নির্বিঘ্নে ভোট দিয়েছেন।