আট উপজেলায় কৃষি কর্মকর্তা মাত্র তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর আটটি উপজেলায় আটজন উপজেলা কৃষি কর্মকর্তার জায়গায় বর্তমানে কর্মরত আছেন মাত্র তিনজন। ফলে কৃষি কার্ড বিতরণ, সার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আবাদি জমির লক্ষ্যমাত্রা অর্জনে মনিটরিং কার্যক্রম ব্যাহত হচ্ছে।
পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় থেকে জানা যায়, জেলায় মোট আবাদি জমির পরিমাণ দুই লাখ ১৪ হাজার হেক্টর। কৃষক পরিবার রয়েছে দুই লাখ ৬০ হাজার ২২৫। আটটি উপজেলায় কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ, সার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আবাদি জমির লক্ষ্যমাত্রা অর্জনে মনিটরিং করার জন্য আটজন কৃষি কর্মকর্তা থাকার কথা। কিন্তু এক বছর ধরে পাঁচটি পদ শূন্য রয়েছে। বর্তমানে সদর উপজেলা কৃষি কর্মকর্তাকে দশমিনা উপজেলার কৃষি কর্মকর্তারও দায়িত্ব পালন করছেন।
গলাচিপা কর্মকর্তাকে রাঙ্গাবালী উপজেলারও দায়িত্ব পালন করতে হচ্ছে। কলাপাড়া উপজেলায় দায়িত্ব পালন করছেন একজন। বাউফল, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলায় কৃষি কর্মকর্তার পদটি শূন্য রয়েছে।
গলাচিপার বোয়ালিয়া ব্লকের কৃষক সলেমান মৃধা বলেন, ‘খেতে পোকা ধরছে। ছুটে কৃষি অফিসে গেছি। ভাগ্য ভালো, স্যারেরে পাইছি। কিন্তু অনেক সময় গিয়া শুনি স্যারে নাই, রাঙ্গাবালী গেছে।’
গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ‘এক থেকে দেড় ঘণ্টা আগুনমুখা নদী পাড়ি দিয়ে রাঙ্গাবালীতে যেতে হচ্ছে। দুই উপজেলায় একসঙ্গে দায়িত্ব পালন করা খুবই কঠিন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’
সদর উপজেলা কৃষি কর্মকর্তা সনজীব মৃধা বলেন, জেলা সদর থেকে দশমিনা উপজেলার নদী পার হয়ে গেলে ৩০ কিলোমিটার আর বগা ফেরি পার হয়ে গেলে ৫৫ কিলোমিটার। প্রায়ই দুই জায়গায় ছোটাছুটি করতে হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালীর উপপরিচালক অশোক কুমার শর্মা বলেন, বিষয়টি মহাপরিচালক বরাবর অবহিত করে চিঠি দিয়ে জরুরি ভিত্তিতে কৃষি কর্মকর্তা পদায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।