সিলেটের ১৩টি উপজেলার মধ্যে সবচেয়ে কম সময় আগে ছাত্রলীগের কমিটি হয়েছে গোয়াইনঘাটে, সাড়ে চার বছর আগে। আর সবচেয়ে বেশি আগে কমিটি হয়েছে ওসমানীনগর থানায় (বর্তমানে উপজেলা), ১৮ বছর আগে। আরও সাতটি উপজেলার চিত্র প্রায় একই।
দীর্ঘদিন কমিটি না হওয়ায় এসব উপজেলার ছাত্রনেতারা পদহীন থেকেই রাজনীতি করছেন। বৃহত্তম একটি ছাত্র সংগঠনের এ পরিস্থিতি নেতৃত্ব বিকাশের অন্তরায় বলে মনে করছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
জেলা ছাত্রলীগের দুজন নেতা জানিয়েছেন, ওই দুটি ছাড়া প্রায় ১৭ বছর আগে বিয়ানীবাজার, ১৪ বছর আগে বালাগঞ্জ, ১৩ বছর আগে সিলেট সদর ও গোলাপগঞ্জ, ১২ বছর আগে কানাইঘাট এবং সাত বছর আগে বিশ্বনাথ ও জৈন্তাপুর উপজেলা শাখা ছাত্রলীগের এক বছর মেয়াদি কমিটি করা হয়।
জেলা ছাত্রলীগের একজন সহসভাপতি বলেন, উপজেলা পর্যায়ে ছাত্রলীগের রাজনীতিকে আরও পোক্ত করতে সম্প্রতি ১৩ বছরের পুরোনো দক্ষিণ সুরমা, ১১ বছরের আগের জকিগঞ্জ ও ৫ বছরের পুরোনো ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ভেঙে দিয়ে নতুন করে করা হয়েছে। ১৪ বছর আগের কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গত মঙ্গলবার রাতে ভেঙে দিয়ে নতুন কমিটি করা হয়েছে। বাকি উপজেলায়ও পর্যায়ক্রমে কমিটি গঠনের কাজ শুরু করা হবে।
জেলা ছাত্রলীগের একজন প্রভাবশালী ছাত্রনেতা বলেন, প্রায় নিয়মিতভাবেই জেলা কমিটি গঠিত হচ্ছে। কিন্তু কমিটি গঠনের পর আওয়ামী লীগের বিভিন্ন নেতা ওই ছাত্রনেতাদের নিজেদের সঙ্গে রাখার কৌশল হিসেবে নানামুখী চাল দেন। এ অবস্থায় পদ পাওয়া ছাত্রনেতাদের অনেকেই মূল দলের নেতাদের বলয় শক্তিশালী করার পেছনে বেশি সময় ব্যয় করেন। ফলে উপজেলা কিংবা কলেজপর্যায়ে ছাত্র সংগঠনের কমিটি গঠন ও শক্তিশালী করার সুযোগ তাঁরা খুব বেশি পান না।
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মো. এখলাছুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। এ অবস্থায় ১৪ বছর পর মেধাবী, যোগ্য ও ত্যাগীদের সমন্বয়ে কমিটি গঠিত হওয়ায় সংগঠনের কার্যক্রম শক্তিশালী হবে।
ছাত্রলীগের স্থানীয় একটি সূত্র জানায়, ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর শাহরিয়ার আলমকে সভাপতি ও এম রায়হান চৌধুরীকে সাধারণ সম্পাদক করে বর্তমান জেলা কমিটি গঠন করা হয়। এ কমিটি সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে, উপজেলা শাখাকে শক্তিশালী করতে আবার কমিটি গঠন করার। বিগত সংসদ নির্বাচনের আগে যেসব স্থানে বিরোধী দল বেশি সহিংসতা করেছে, সেসব এলাকার ছাত্রনেতাদের কমিটিতে বেশি নেওয়া হচ্ছে। ভবিষ্যতে ওই সব এলাকায় বিরোধীপক্ষের যেকোনো আন্দোলন-সংগ্রাম প্রতিহত করতে এমন করা হচ্ছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান উদ্দিন বলেন, ‘আমরা চাই, মূল সংগঠন আওয়ামী লীগের সহযোগী হিসেবে উপজেলা ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক। এ জন্য পর্যায়ক্রমে কমিটি গঠন করে সব প্রতিবন্ধকতা দূর করার প্রচেষ্টা চালাচ্ছি।’