আট ওষুধের উৎপাদন, বিক্রি বন্ধের নির্দেশ
বিভিন্ন কোম্পানির আট ধরনের ওষুধের উৎপাদন, বিপণন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেগুলো বাজার থেকে প্রত্যাহারেরও নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ওষুধগুলো হচ্ছে: ক্যাপসুল টেট্রাসাইক্লিন, ডাইক্লোফেনাক, এনডক্স, সেফক্স, বিটিমক্স ৫০০ মিলিগ্রাম, বিটিমক্স ২৫০ মিলিগ্রাম, ইন্দোটেট্রা ও সাসপেনশন টেমিফল। দুই সপ্তাহের মধ্যে ঢাকার বাজার থেকে এবং চার সপ্তাহের মধ্যে সারা দেশ থেকে এসব ওষুধ প্রত্যাহার করে আদালতে প্রতিবেদন দাখিল করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।ওষুধে ভেজাল মেশানো রোধে গত বছর নভেম্বরে হাইকোর্টে রিট আবেদন করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে গত ১১ নভেম্বর বাজার থেকে ওষুধ সংগ্রহ করে পরীক্ষা করার নির্দেশ দেন হাইকোর্ট। এ নির্দেশ অনুসারে বাজার থেকে ৪৮টি ওষুধের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ৪৮টি ওষুধ পরীক্ষা করে আটটি নিম্নমানের হওয়ায় এ-সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়। শুনানি শেষে হাইকোর্ট গতকাল আটটি ওষুধ বিক্রি বন্ধের নির্দেশ দেন।