চট্টগ্রাম সিটি করপোরেশনের চারটি করাঞ্চলকে আটটিতে বিভক্ত করার সিদ্ধান্তের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। গতকাল মঙ্গলবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ স্থগিতাদেশ দেন। জানা গেছে, সিটি করপোরেশনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর বাদীর পক্ষে ছিলেন আবদুল বাসেত মজুমদার ও হরিসাধন দেব বর্মণ। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, পদোন্নতিতে জ্যেষ্ঠতা লঙ্ঘন ও চার করাঞ্চলকে আটটিতে বিভক্তির বিরুদ্ধে গত ৭ জুন হাইকোর্টে মামলা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের উপ-কর কর্মকর্তা দবির আলম চৌধুরী ও কর আদায়কারী রতন কুমার ভট্টাচার্য। মামলায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্রধান রাজস্ব কর্মকর্তা ও স্থানীয় সরকার সচিবকে বিবাদী করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের আইন কর্মকর্তা সরওয়ার ই আলম প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের রায়ের পর আটটি করাঞ্চল নিয়ে এখন আর কোনো বাধা থাকল না। জনগণের সেবা বাড়াতেই চারটি করাঞ্চলকে আটটিতে বিভক্ত করা হয়েছে।