সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আদালতের আদেশ পালন করতে সরকারের আটজন কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
২ ফেব্রুয়ারি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান স্বাক্ষরিত এই আইনি নোটিশ ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সুনামগঞ্জের জেলা প্রশাসক, পরিবেশ অধিপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক এবং তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পাঠানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালের ৩ জুন হাইকোর্ট যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। কিন্তু আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও যাদুকাটা নদী থেকে অবৈধভাবে যন্ত্র দিয়ে বালু ও পাথর উত্তোলন চলছে। এতে নদীর পাড় অস্বাভাবিকভাবে ভেঙে পড়ছে এবং নদীর গতিপথ পরিবর্তিত হয়ে পাশের এলাকাগুলো নদীভাঙনের শিকার হচ্ছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, বেলার সরেজমিনে তদন্তে দেখা গেছে, আদালতের নির্দেশ অমান্য করে নদীর তীরে অননুমোদিতভাবে পাথর ও বালু উত্তোলন অব্যাহত থাকায় যাদুকাটা নদী এবং আশপাশের এলাকা মারাত্মক পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।
এ অবস্থায় বেলা হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে যাদুকাটা নদীর পুরানলাউড়, চালিয়ারঘাট, লামাশ্রম, পূর্বদইল এবং ঘাগড়া মৌজা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ করে নদীকে সুরক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নোটিশ প্রাপকদের অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে এ বিষয়ে গৃহীত পদক্ষেপ সাত দিনের মধ্যে নোটিশদাতাকে জানাতে বলা হয়েছে।
নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন বেলার সিলেট বিভাগীয় সমন্বয়ক আইনজীবী শাহ সাহেদা আখতার।
বেলার পক্ষ থেকে কোনো আইনি নোটিশ পাননি জানিয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, যাদুকাটা নদীতে প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি রয়েছে এবং সেখানে নিয়মিত অভিযান পরিচালিত হয়। এখন অবৈধভাবে বালু উত্তোলন সম্পূর্ণ বন্ধ রয়েছে।