আট কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
বন্দীদের কাছে ভাড়ায় মুঠোফোনসহ বিভিন্ন নিষিদ্ধ সামগ্রী সরবরাহের ঘটনায় জড়িত কাশিমপুরের আট কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। গত মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কারাগারে এ নির্দেশপত্র পৌঁছায়।
যঁাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাঁরা হলেন—প্রধান কারারক্ষী মো. নজরুল ইসলাম ও ঝন্টু মুন্সি, সাবেক জেল সুপারের দেহরক্ষী মো. শরীফুল ইসলাম, কারারক্ষী জাহিদ হোসেন, আসলাম শেখ, মোস্তাক হোসেন, আফজাল হোসেন ও আতাউর রহমান।
কারা কর্তৃপক্ষ জানায়, এ বছরের এপ্রিল মাসে ওই কারাগারে সুইডেন আসলামসহ অন্য বন্দীদের কাছে মুঠোফোন, পেনড্রাইভসহ বিভিন্ন নিষিদ্ধ সামগ্রী ভাড়া দেওয়ার অভিযোগ ওঠে। পরে ওই ঘটনা তদন্তে ডিআইজি প্রিজন মো. ফজলুল হককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
সম্প্রতি তদন্ত কমিটি ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করে আইজিপির কাছে প্রতিবেদন জমা দেন। কারাগারের সুপার মো. মিজানুর রহমান জানান, নির্দেশ মোতাবেক তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে তাঁদের আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দেওয়া হবে।