সিলেটে পুলিশ সদস্যের যোগসাজশে অপহরণের পর শিশু আবু সাঈদ (৯) হত্যা মামলার অভিযোগ গঠনের পর আট কার্যদিবসে শেষ হলো বিচার কার্যক্রম। গতকাল রোববার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনালের বিচারক আবদুর রশিদ আজ সোমবার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন।
এর আগে সিলেটের আরেক আলোচিত হত্যাকাণ্ড শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার বিচার কার্যক্রম শেষ হয়েছিল আদালতের ১৭ কার্যদিবসে।
সাঈদ হত্যা মামলায় গতকাল যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ ঘোষণার পর এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (স্পেশাল পিপি) আবদুল মালেক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীকে সহায়তাকারী সাঈদের পরিবারের নিয়োগ করা আইনজীবী আনসারুজ্জামান। তাঁরা বলেন, সিলেটে দ্রুত বিচার সম্পন্ন হওয়ার ক্ষেত্রে রাজন হত্যা মামলার পর সাঈদ হত্যা মামলা আরেকটি মাইলফলক।
নগরের শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রায়নগরের দর্জিবন্ধ এলাকার বাসিন্দা আবু সাঈদকে গত ১১ মার্চ অপহরণ করে হত্যা করা হয়। সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল এবাদুর রহমানের বাসা থেকে ১৪ মার্চ সাঈদের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পুলিশ এবাদুরসহ জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক এন ইসলাম ওরফে রাকীব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত ‘তথ্যদাতা’ আতাউর রহমান ওরফে গেদাকে গ্রেপ্তার করে। তাঁরা তিনজনই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনজনই উল্লেখ করেন, মোটা অঙ্কের টাকা মুক্তিপণ হিসেবে আদায় করতেই সাঈদকে অপহরণ করেন। তবে সাঈদ তাঁদের চিনে ফেলায় গলা টিপে হত্যা করেন।
সাঈদের বাবা মতিন মিয়ার দায়ের করা মামলায় ওই তিনজনসহ জেলা ওলামা লীগের প্রচার সম্পাদক মহি হোসেন ওরফে মাসুমকে আসামি করা হয়। গত ৮ নভেম্বর পলাতক মাসুমের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে দুই দিন পর মাসুম আত্মসমর্পণ করেন।
সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত ১৭ নভেম্বর চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচার-প্রক্রিয়া শুরু হয়। ১৯ নভেম্বর থেকে ২৬ নভেম্বর ট্রাইব্যুনালের ছয়টি কার্যদিবসে টানা সাক্ষ্য গ্রহণ হয়।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, গতকাল চার আসামির উপস্থিতিতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবী মামলার আসামিদের স্বীকারোক্তি, ৩৭ সাক্ষীর মধ্যে ২৮ জন সাক্ষীর আদালতে দেওয়া সাক্ষ্যসহ পুলিশের তদন্ত অনুযায়ী ঘটনার সঙ্গে এক পুলিশ সদস্যসহ চার আসামির জড়িত হওয়ার বিষয়টি প্রমাণ হয়েছে বলে ট্রাইব্যুনালে যুক্তি উপস্থাপন করেন।
অপর দিকে, আসামিপক্ষের আইনজীবীরা আদালতে তিন আসামির দেওয়া স্বীকারোক্তি পুলিশ নির্যাতন করে আদায় করেছে উল্লেখ করে চার আসামির খালাস দেওয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন। আদালত দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায় ঘোষণার তারিখ ধার্য করেন।