আট কিলোমিটার কলাবাগান ঘিরেই মাদক ব্যবসা!
চুয়াডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে আট কিলোমিটার এলাকার কলাবাগান ঘিরে দীর্ঘদিন ধরে চলছে জমজমাট মাদক ব্যবসা। অভিযোগ রয়েছে, মাদক পাচার নির্বিঘ্ন করতেই সীমান্ত এলাকায় শূন্যরেখা বরাবর এই কলাবাগান তৈরি করা হয়েছে।অনুসন্ধানে জানা গেছে, কলাবাগানের কারণে খুব সহজেই চুয়াডাঙ্গা সীমান্তপথে মাদক ঢুকে ছড়িয়ে পড়ছে সারা দেশে। ইউপি নির্বাচন সামনে রেখে বিশেষ করে ফেনসিডিলের প্রবেশ অনেকাংশে বেড়েছে। সীমান্তসংলগ্ন গ্রাম আকন্দবাড়িয়ার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র দাবি করেছে, স্থানীয় ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা সরাসরি এই মাদক পাচারের সঙ্গে জড়িত। তাই এ বিষয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। প্রতিবাদ করলে খুনখারাবির আশঙ্কা আছে।সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়নগর সীমান্ত থেকে জীবননগর উপজেলার রাজাপুর পর্যন্ত টানা আট কিলোমিটার সীমান্ত বরাবর সাত বছর ধরে কলার চাষ শুরু হয়েছে। আগে এখানে ধানের চাষ করা হতো। কলাবাগান তৈরির পর থেকে ওই এলাকায় মাদকের ব্যবসা বেড়ে গেছে।এলাকাবাসী জানান, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গেদে এলাকার মাদকব্যবসায়ীরা ট্রেনযোগে ফেনসিডিল নিয়ে আসে। এরপর তা গেদে ও আশপাশের গ্রামগুলোতে মজুদ করে। রাত ১০টায় বিএসএফ সীমান্তে সার্চলাইটগুলো বন্ধ করে দেওয়ার পর কলাবাগানের ভেতরে দুই দেশের মাদক ব্যবসায়ীদের হাট বসে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসা জমে ওঠে। এতে বিএসএফের সদস্যরা সরাসরি সহযোগিতা করেন বলেও অভিযোগ রয়েছে। পরে তা রাজধানী ঢাকাসহ সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়।দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর এলাকার নির্বাচিত একজন জনপ্রতিনিধি এই মাদক কারবারের অন্যতম হোতা। ওই জনপ্রতিনিধিকে একাধিকবার গ্রেপ্তার করা হলেও অদৃশ্য শক্তির বলে তিনি বারবার বেরিয়ে যান এবং মাদক ব্যবসায় নিযুক্ত হন।সীমান্তবর্তী গ্রামগুলোর মধ্যে সদর উপজেলার আকন্দবাড়িয়া ও দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে মাদকের পাইকারি কারবার চলে। দিনভর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মাদক সেবনকারী ও পাচারকারীদের এই দুটি গ্রামে যাওয়া-আসার বিষয়টি ওপেন সিক্রেট হলেও দৃশ্যত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা তেমন চোখে পড়ে না। বিষয়টি প্রতি মাসের আইনশৃঙ্খলা সভায়ও আলোচনা করা হয়। পুলিশ, বিজিবি ও ৎব মাঝেমধ্যেই মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য উদ্ধার এবং এর বহনকারীদের গ্রেপ্তার করে। তবে এদের গডফাদার ও সহযোগীরা বরাবরই থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।মাদক ব্যবসার বিষয়টি সাংবাদিকেরা গত শনিবার নবাগত পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমানকে অবগত করেন। উত্থাপিত সমস্যা সমাধানে পুলিশ সুপার বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।চুয়াডাঙ্গার বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সুলতান আহমেদ পিএসসি শনিবার দুপুরে বলেন, ‘ভারতীয়রা যেহেতু নিজেদের জমিতে কলার বাগান করেছে, তাই আমরা কিছু বলতে পারি না। তার পরও বৃহৎ স্বার্থে বিএসএফকে কলাবাগানের বিষয়টি নিয়ে তিনি নিজে এবং আগের অধিনায়কেরা ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানালেও কার্যত কোনো লাভ হয়নি।