আট কিলোমিটার কাঁচা রাস্তায় ২৫ হাজার মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি সদর উপজেলার একটি রাস্তা পাকা না হওয়ায় ১৪ গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ঝালকাঠি-২ আসনের সাংসদ এবং ভূমি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আমির হোসেন আমু সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু গত পাঁচ বছরেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি।
বিনয়কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক জানান, ১০ বছর আগে নবগ্রাম ও বিনয়কাঠি ইউনিয়নের ফসলি জমির মধ্য দিয়ে স্থানীয়ভাবে আট কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তা নির্মাণ করা হয়। এর নাম গোঘাটা-আশিয়ার-বহরমপুর রাস্তা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই রাস্তায় ১৫টি সেতু ও সমসংখ্যক কালভার্ট নির্মাণ করেছে। কিন্তু পাকা না হওয়ায় এই সড়কে যানবাহন চলাচল করতে পারছে না।
এলাকাবাসী জানান, নবগ্রাম, বিনয়কাঠি ইউনিয়নের ১০টি এবং গাভারামচন্দ্রপুর, গুঠিয়া ইউনিয়নের চারটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। শীতকালে এই সড়ক দিয়ে কোনোমতে চলাচল করা গেলেও বর্ষাকালে কাদা-পানি জমে থাকায় চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
কান্ডারগাতি গ্রামের হাসন আলী জানান, নির্বাচনের আগে আশিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক জনসভায় স্থানীয় সাংসদ আমির হোসেন আমু সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রায় পাঁচ বছর পার হওয়ার পরেও রাস্তাটি পাকা হয়নি। এ সড়ক দিয়ে কয়েক হাজার শিক্ষার্থী চলাচল করে।
এলজিইডির ঝালকাঠি কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী ফুলকাম বাদশা মিয়া জানান, গোঘাটা-আশিয়ার-বহরমপুর সড়ক পাকা করার জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। বরাদ্দ পেলে পর্যায়ক্রমে কাজ শুরু হবে। এ ব্যাপারে আমির হোসেন আমুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছেন বলে লাইন কেটে দিয়ে পরে ফোন করতে বলেন।