বরিশাল-চট্টগ্রাম মহাসড়কে ভোলা সদর উপজেলার পরানগঞ্জ থেকে ফেরিঘাট পর্যন্ত আট কিলোমিটার অংশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। গত ছয় দিনের বৃষ্টিতে গর্তগুলোতে পানি জমে সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কটির সংস্কারকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রাখায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ট্রাকচালক জসিম উদ্দিন ও বাসচালক মোহাম্মাদ আলী বলেন, গর্তগুলোতে পানি জমে থাকায় ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সড়কের এসব গর্তের মধ্যে পড়ে প্রতিদিনই বিভিন্ন যানবাহনের যন্ত্রাংশ ভাঙছে। যাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে। স্থানীয় নিজামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল হক বলেন, এই আট কিলোমিটার সড়কের দুই পাশে ২৫টি স্কুল-কলেজ ও মাদ্রাসা রয়েছে। সড়কটি দিয়ে চলতে গিয়ে এসব প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। সড়কের এ বেহাল অংশ সংস্কারের দাবিতে সম্প্রতি ছাত্র-শিক্ষকসহ কয়েক শ এলাকাবাসী অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কিন্তু কোনো ফল হয়নি। ভোলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, জরুরি পুনর্বাসন প্রকল্পের আওতায় ২০১১ সালের মে মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান ওটিবিএলকে এই আট কিলোমিটার সড়ক সংস্কারের দায়িত্ব দেওয়া হয়। সংস্কারে ব্যয় ধরা হয় সাড়ে সাত কোটি টাকা। প্রথম কার্যমেয়াদ শেষ হওয়ার পর ওই প্রতিষ্ঠানকে গত জানুয়ারি মাসে নতুন কার্যমেয়াদ দেওয়া হয়। কিন্তু ওই ঠিকাদারি প্রতিষ্ঠান নতুন মেয়াদে কাজ শুরুর কয়েক দিন পরই তা বন্ধ করে দেয়।ঠিকাদারি প্রতিষ্ঠান ওটিবিএলের ভোলায় নিযুুক্ত প্রকৌশলী কামাল মজুমদার বলেন, ‘সাড়ে সাত কোটি টাকার কাজের মধ্যে আমরা তিন কিলোমিটার সড়কে সোয়া দুই কোটি টাকার কাজ করেছি। কিন্তু বিল পেয়েছি মাত্র ৭০ লাখ টাকা। টাকা না পাওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না।’সওজ ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুশীল চন্দ্র সাহা বলেন, ‘টাকা বরাদ্দ না হওয়ায় ঠিকাদার কাজ করছে না। গত কয়েক দিনের বর্ষায় সড়কে বড় বড় গর্ত হয়েছে। গর্তগুলো ভরাট করে আমরা সড়কটি চালু রাখার চেষ্টা করছি।’