আট কিলোমিটার বেহাল, ভাঙন আতঙ্কে বাসিন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

সাত-আট বছরে সংস্কার করা অংশে নতুন করে মাটি না দেওয়ায় এখন বাঁধ ভাঙতে ভাঙতে সরু হয়ে গেছে

অব্যাহত ভাঙনে সাতক্ষীরার শ্যামনগরে উপকূল রক্ষা বাঁধের প্রায় আট কিলোমিটার এখন বিপজ্জনক অবস্থায় রয়েছে। শ্যামনগর উপজেলাকে বেষ্টনী করে থাকা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এ বাঁধ ভাঙনে সরু হয়ে গেছে। চলতি বর্ষা মৌসুমে জোয়ারের পাশাপাশি বাতাস ও নদীর ঢেউয়ে বাঁধটি ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী।

সরেজমিনে শ্যামনগরের বুড়িগোয়ালিনী উপজেলার বিড়ালাক্ষী, দুর্গাবাটি, মাদিয়া, ভামিয়া, দাতিনাখালি, কলবাড়ি, গাবুরা ইউপির পার্শ্বেমারী, নাপিতখালি, লেবুবনিয়া, চাঁদনিমুখো, চকবারা গাগড়ামারি ও গাবুরা এলাকা ঘুরে দেখা গেছে, উপকূল রক্ষা বাঁধ অব্যাহত ভাঙনের কারণে জরাজীর্ণ হয়ে পড়েছে। পাশের খোলপেটুয়া, কপোতাক্ষ, চুনো কালিন্দী ও মালঞ্চ নদীর তীব্র ঢেউ আছড়ে পড়ছে ৫ ও ১৫ নম্বর পোল্ডারের আওতাধীন এ বেড়িবাঁধে। ঢেউয়ের আঘাতে ক্রমাগতভাবে ভাঙছে কঙ্কালসার বাঁধের অবশিষ্টাংশ। বাঁধের আট কিলোমিটার এলাকা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।

গাবুরা গ্রামের নজরুল ইসলাম বলেন, ২০০৯ সালের আইলার পর কোনো রকমে রিং বাঁধ নির্মাণ করে কপোতাক্ষের লবণ পানি থেকে এলাকাকে রক্ষা করা হয়েছিল। কিন্তু সাত-আট বছরে সংস্কার করা অংশে নতুন করে মাটি না দেওয়ায় এখন গাবুরা এলাকার বাঁধ ভাঙতে ভাঙতে সরু হয়ে গেছে।

লেবুবনিয়া গ্রামের ব্যবসায়ী সোহরাব গাজী ও শ্রমিক সহিদুল্লাহ গাজী বলেন, খোলপেটুয়া নদীর ভাঙনে তাঁদের এলাকার দুই কিলোমিটার পাউবোর বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নদীতে জোয়ারের চাপ বৃদ্ধি পেলে গোটা এলাকা পানিতে নিমজ্জিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

খোলপেটুয়া নদীর ভাঙনে সরু আইলে পরিণত হওয়া বাঁধের ২-৩ মিটারের মধ্যে বসতঘর বিড়ালাক্ষী সরদার পাড়ার ইছা আলী সরদার ও বৃদ্ধ আনোয়ারা বেগমের। সেই ঘর দেখিয়ে তাঁরা বলেন, গত অমাবস্যার সময় কুপির আলোয় সারা রাত বাঁধের ওপর নির্ঘুম ছিলেন তাঁরা। কারণ জোয়ারের সময় পূর্ব দিক থেকে জোরে বাতাস হলেই বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার ভয় ছিল।

গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী আযম বলেন, তাঁর এলাকায় ২৮ দশমিক ৬ কিলোমিটার পাউবোর বাঁধের মধ্যে ১১টি স্থানে প্রায় ৬ কিলোমিটারই মারাত্মক ঝুঁকিপূর্ণ। এসব বাঁধ যেকোনো সময় ভেঙে ইউনিয়নের ১৫টি গ্রামের ৪৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। পাউবো কর্তৃপক্ষকে বারবার বলেও কোনো সুরাহা হচ্ছে না।

বুড়িগোয়ালিনী ইউপির চেয়ারম্যান ভবতোষ কুমার মণ্ডল বলেন, তাঁর এলাকায় নয়টি স্থানে পাউবোর দুই কিলোমিটার বাঁধ ভাঙন অব্যাহত রয়েছে। মারাত্মক ঝুঁকিপূর্ণ এসব বাঁধ ভেঙে বুড়িগোয়ালিনী ছাড়াও কাশিমাড়ি ইউনিয়নের বাড়ি, চিংড়ি, সড়ক ও ফসলের মাঠসহ ১২টি গ্রাম প্লাবিত হতে পারে। এর মধ্যে দুর্গাবাটি এলাকায় পাউবো ১ হাজার ২০০ রিং বাঁধ দিচ্ছে।

বিড়ালাক্ষী সরদার পাড়ার ইছা আলী সরদার ও আনোয়ারা বেগম জানান, খোলপেটুয়া নদীর ভাঙনে সরু আইলে পরিণত হওয়া বাঁধের ২-৩ মিটারের মধ্যে তাঁদের বসতঘর। ভাঙনের আশঙ্কায় গত আমাবস্যায় তাঁরা নির্ঘুম রাত কাটিয়েছেন। জোয়ারের সময় পুব দিক থেকে জোরে বাতাস হলে বাঁধ ভেঙে গোটা এলাকা পানিতে ডুবে যেতে পারে বলে মন্তব্য করেন তাঁরা।

এ দুটি পোন্ডারের দায়িত্বে থাকা পাউবোর সেকশন অফিসার মাসুদ রানা প্রথম আলোকে বলেন, বেড়িবাঁধের কয়েকটি এলাকার প্রায় সাড়ে তিন কিলোমিটার বাঁধ মারাত্মক ঝুঁকি মধ্যে রয়েছে। কিন্তু বরাদ্দ না থাকায় কাজ করা যাচ্ছে না। বর্ষা মৌসুমে যাতে বড় কিছু না ঘটে, সে লক্ষ্যে বাঁধগুলো সংস্কারের জন্য পাঁচ কোটি টাকার বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বরাদ্দ পাওয়া যায়নি।