আট কিলোমিটারে অর্ধশতাধিক গর্ত, রাস্তা ধসে পড়ার আশঙ্কা
দুই দিনের টানা বৃষ্টিতে দিনাজপুরের বিরামপুর উপজেলার বিরামপুর-কাটলা রাস্তার দুই পাশ ভেঙে ছোট-বড় অর্ধশতাধিক গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ওই সড়ক দিয়ে যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করেছে। মাঝেমধ্যে ঘটছে দুর্ঘটনা। নদী-তীরবর্তী হওয়ায় রাস্তাটি যেকোনো সময় ধসে পড়ে ১০-১২টি গ্রাম প্লাবিত হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছেন।সরেজমিনে দেখা গেছে, আট কিলোমিটার দীর্ঘ এ রাস্তার মাহমুদপুর, হাবিবপুর, মুকুন্দপুর, ভবানীপুর, হরিহরপুরসহ কয়েকটি এলাকার দুই পাশ ভেঙে অর্ধশতাধিক গর্তের সৃষ্টি হয়েছে। ওই এলাকার লোকজন জানান, প্রতিদিন বিশেষ করে রাতে এসব গর্তে গাড়ি পড়ে দুর্ঘটনা ঘটছে।হাবিবপুর গ্রামের ভ্যানচালক রশিদুল ইসলাম বলেন, ‘দুদিনের বৃষ্টিতে রাস্তার ধার ভাঙে গর্ত হওছে। প্রতি রাতোত মোটরসাইকেল, সাইকেল, ভ্যান গর্তগুলাত পড়োছে।’বিরামপুর টেম্পো মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল ওহাব জানান, বিরামপুর-কাটলা রাস্তায় প্রতিদিন শতাধিক টেম্পো ঝুঁকি নিয়ে চলাচল করছে। রাস্তাটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীকে বহুবার অনুরোধ করা হয়েছে।মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল লতিফ জানান, ২০১০ সালে এই রাস্তায় সামান্য বৃষ্টিতেই ইউনিয়ন পরিষদের সামনে গর্তের সৃষ্টি হয়। পরে কয়েক দিনের টানা বৃষ্টিতে রাস্তাটি ভেঙে বন্যার পানিতে সড়কের পশ্চিম পাশের ১০-১২টি গ্রাম প্লাবিত হয়। কাটলা ইউপির চেয়ারম্যান এম সামছুল আলম জানান, বিরামপুর-কাটলা উপজেলার একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে কাটলা, জোতবানী ও মুকুন্দপুর ইউনিয়নের লোকজন যাতায়াত করে। রাস্তাটির যে অবস্থা তাতে যেকোনো মুহূর্তে এই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এতে করে ওই এলাকার ব্যবসা-বণিজ্যের চরম ক্ষতি হবে। রাস্তাটি সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যান ও প্রকৌশলীকে বহুবার তাগিদ দেওয়া হয়েছে।উপজেলা প্রকৌশলী মো. মাহমুদ জামান জানান, বিরামপুর-কাটলা রাস্তাটি বালু ও মাটি দিয়ে তৈরি। এই রাস্তার দুই পাশে ছোট-বড় প্রায় ২০টি পুকুর এবং রাস্তার পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে যমুনার শাখা নদী। ফলে সামান্য বৃষ্টিতেই দুই পাশে বড় বড় গর্তের সৃষ্টি হয়। রাস্তাটি সংস্কারের জন্য একটি প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।