আট কিলোমিটারে ১৭ গতিরোধক
রাজশাহীর বাগমারায় সইপাড়া-ভবানীগঞ্জ সড়কে অপরিকল্পিতভাবে ১৭টি গতিরোধক নির্মাণ করা হয়েছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং এ সড়ক দিয়ে যাতায়াতে সময় বেশি লাগছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সইপাড়া-ভবানীগঞ্জ ১৮ কিলোমিটার দীর্ঘ সড়কটি জেলা সদরের সঙ্গে বাগমারার যোগাযোগের প্রধান সড়ক হিসেবে চিহ্নিত করা হয়। এর মধ্যে বাগমারার মহব্বতপুর থেকে ভবানীগঞ্জ বাস টার্মিনাল পর্যন্ত আট কিলোমিটার সড়কে ১৭টি গতিরোধক নির্মাণ করা হয়েছে। গত বছর সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডির) উদ্যোগে এ সড়ক সংস্কারের সময় গতিরোধকগুলো নির্মাণ করা হয়। এর মধ্যে দুটি গতিরোধক এলজিইডির এবং বাকিগুলো সওজের অংশে পড়েছে। সরেজমিনে দেখা যায়, সড়কের তাহির একডালার আমতলির মোড়, লাউপাড়া, সাঁওতালপাড়া, গোপালপুর ও দেউলায় নির্মিত গতিরোধকগুলো বেশ উঁচু। এ কারণে প্রতিটি ছোট ও বড় যানবাহনকে খুব ধীরে এ স্থানগুলো দিয়ে পার হতে হয়। প্রতিদিন এ সড়ক দিয়ে শতাধিক বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স চলাচল করে। স্থানীয় লোকজন জানান, গত সোমবার বিকেলে সড়কের থানা মোড়ের গতিরোধকে উঠতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে বিলকিস নামের এক গৃহবধূ আহত হন। বাসচালক কালু জানান, রাজশাহী থেকে বাগমারা উপজেলা সদরের ভবানীগঞ্জে যাওয়ার পথে আট কিলোমিটারে চলাচল করতে গিয়ে তাদের বিড়ম্বনায় পড়তে হয়। বাগমারা উপজেলা প্রকৌশলী হোসেন আলী মীর জানান, তাঁদের অংশে কিছু গতিরোধক নির্মাণ করা হয়েছে। এগুলো অপসারণে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সওজের রাজশাহী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।