আট কোটি টাকার কাজ ও আ.লীগ-ছাত্রলীগের কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে ছাত্রলীগের কর্মীদের বাধার মুখে গতকাল বুধবার গণপূর্ত বিভাগের সাড়ে আট কোটি টাকার কাজের দরপত্র জমা দিতে পারেননি অধিকাংশ ঠিকাদার। শহর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা একজন ঠিকাদারের হয়ে কাজ করার কথা স্বীকার করেছেন। তবে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর সহায়তায় অপর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়ে কাজ পেয়েছেন বলে তাঁরা অভিযোগ করেন। অবশ্য নির্বাহী প্রকৌশলী আবু ফয়েজ ভূঁইয়া এ অভিযোগ অস্বীকার করেছেন। জানা গেছে, গণপূর্ত বিভাগের রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশের জন্য একটি ছয়তলা ব্যারাক ভবন নির্মাণকাজের দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল দুপুর ১২টা। এই কাজের ৬৪টি শিডিউল বিক্রি হলেও নির্ধারিত সময়ের মধ্যে মাত্র চারটি দরপত্র জমা পড়ে। দুপুর একটায় দরপত্র বাক্স খুললে সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পায় ঢাকার ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স।ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্সের পরিচালক মোস্তাফিজুর রহমান টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা কারও সহযোগিতা নিইনি। তবে বাধা দেওয়া হবে—এমন তথ্য পেয়ে কিছুটা কৌশল অবলম্বন করে দরপত্র জমা দিয়েছি।’ সরেজমিনে দেখা গেছে, দরপত্র জমায় বাধা দিতে গতকাল সকাল থেকে ছাত্রলীগের ১৫০ থেকে ২০০ কর্মী রাঙামাটি শহরে গণপূর্ত বিভাগ কার্যালয়ের উত্তর ও দক্ষিণ ফটক এবং কার্যালয়ের বিপরীতমুখে বিএনপির জেলা কার্যালয়ের সামনে অবস্থান নেন। ছাত্রলীগের কয়েকজন নেতা মোটরসাইকেলে করে সড়কে মহড়া দেন। দুপুর পৌনে ১২টার দিকে ছাত্রলীগের তিনজন কর্মী গণপূর্ত কার্যালয়ে ঢুকে নির্ধারিত বাক্সে দরপত্র ফেলেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, দরপত্র নিয়ে তাঁরা গণপূর্ত কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে ছাত্রলীগের কর্মীরা বাধা দেন। তাঁদের হুমকির মুখে ঠিকাদারেরা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। ছাত্রলীগের কয়েকজন কর্মী অভিযোগ করেন, শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের সভাপতিসহ কয়েকজন নেতা তাঁদের পাঁচ লাখ টাকা দেওয়ার কথা বলে ঠিকাদারদের দরপত্র জমাদানে বাধা দিতে বলেন। সে অনুযায়ী ছাত্রলীগের কর্মীরা সকাল থেকে নির্ধারিত স্থানগুলোতে অবস্থান নেন। তবে প্রতিশ্রুতি অনুযায়ী টাকা না দিতে ওই নেতারা এখন সমঝোতা ভেঙে যাওয়ার কথা বলছেন। শহর আওয়ামী লীগের সভাপতি মো. সোলায়মান ও জেলা ছাত্রলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী কিউ এইচ মাসুদ অ্যান্ড কোং ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে কাজ করার কথা স্বীকার করেছেন। তবে তাঁরা বলেন, অপর একজন ঠিকাদার দরপত্র জমা দেওয়ায় এবং কাজ পাওয়ায় সেই সমঝোতা ভেঙে গেছে।