চট্টগ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আট কোটি টাকার কাজ সমঝোতার মাধ্যমে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ভাগাভাগি করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একজন ঠিকাদার গোপনে দরপত্র জমা দেওয়ায় গতকাল মঙ্গলবার দলীয় ক্যাডাররা পুলিশের সামনেই তাঁকে মারধর করেন। পাউবো সূত্রে জানা গেছে, গতকাল সন্দ্বীপ উপজেলায় আটটি, বাঁশখালীতে সাতটি, সীতাকুণ্ডে তিনটি, খাগড়াছড়ির মানিকছড়িতে একটি এবং কাপ্তাই পরিচালন ও রক্ষণাবেক্ষণের অধীনে একটি কাজের দরপত্র জমা দেওয়া হয়। এসব কাজে উন্মুক্ত পদ্ধতিতে (ওটিএম) দরপত্র দেওয়ার কথা থাকলেও দলীয় ক্যাডারদের ভয়ে কেউ দরপত্র ফেলেননি। ফলে একটি কাজের বিপরীতে মাত্র একটি করে দরপত্র জমা হয়। সবগুলো দরপত্র অভিহিত মূল্যে ফেলা হয়।জানা গেছে, সমঝোতা অনুযায়ী রাউজান উপজেলার ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ একটি, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান একটি, সীতাকুণ্ড এলাকার সাংসদ এ বি এম আবুল কাশেমের ছেলে এস এম আল মামুন একটি, সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের ছেলে নাদিম দুটি, সিটি কলেজকেন্দ্রিক যুবলীগের নেতা প্রণব একটি, নগরের এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল হোসেন একটি এবং একই কলেজের ছাত্র সংসদের জিএস আরশেদুল আলম একটি কাজ পান। এ ছাড়া পুরো কাজের সমঝোতায় নেতৃত্ব দেওয়া ওয়াহিদুল আলম, জহিরুল ইসলাম ও রইসুর রহমান একটি করে কাজ ভাগাভাগি করে নেন। এর বাইরে এই তিনজন কিছু কাজ বাইরের ঠিকাদারের কাছে বিক্রি করেন। অভিযোগ পাওয়া গেছে, গতকাল দুপুরে সামিউল্লাহ নামের একজন ঠিকাদার রাউজান এলাকার একটি কাজের দরপত্র জমা দেন। ফেরার পথে ওয়াহিদুল, জহিরুল ও রইসুর তাঁর ওপর হামলা করেন। বাধ্য হয়ে সামিউল্লাহ তাঁর দরপত্র তুলে নেন। সামিউল্লাহ অভিযোগ করেন, ‘সমঝোতার বিষয়টি আমি জানতাম না। দুপুরে একটি কাজের দরপত্র জমা দিয়ে পাউবো কার্যালয় থেকে বের হলে ওয়াহিদুল, জহিরুল ও রইসুর নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী আমাকে মারধর শুরু করে। এ সময় সেখানে পুলিশ থাকলেও তারা আমাকে সাহায্য করেনি। মারধর থেকে রক্ষা পেতে বাধ্য হয়ে জমা দেওয়া দরপত্র প্রত্যাহার করে নিই।’ওয়াহিদুল প্রথম আলোকে বলেন, ‘কাজগুলো নিয়ে সমঝোতা করতে অনেক কষ্ট করেছি। সোমবার সন্ধ্যা থেকে সারা রাত পাউবোর সামনে একটি কমিউনিটি সেন্টারে বসে সব ঠিকাদারের সঙ্গে কথা বলেছি। প্রতিশ্রুতি দিয়েছি, এবার যাঁরা বঞ্চিত হবেন, তাঁদের আগামীবার কাজ দেব আমি। সমঝোতা না মেনে একজন গোপনে দরপত্র জমা দেন। খবর পেয়ে আমরা তাঁকে ধরি। তাঁকে হালকা ধাক্কা দিয়েছি, মারধর করিনি। সবকিছু হয়েছে পুলিশের সামনেই।’চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বলেন, ‘গন্ডগোলের খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। পরে শুনেছি সবকিছু ঠিক হয়ে গেছে।’সংশ্লিষ্ট ঠিকাদারেরা জানান, এর আগে চট্টগ্রাম পাউবোয় ৪৬ শতাংশ কমেও ঠিকাদারেরা কাজ করেছেন। গতকাল সমঝোতার মাধ্যমে অভিহিত মূল্যেই দরপত্র জমা দেওয়া হয়। এতে সরকারের তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি সম্পর্কে জানতে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী আশরাফ জামালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আজান হচ্ছে। ১০ মিনিট পরে ফোন করেন। এর পর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।’