আট কোটি টাকার সোনার বার উদ্ধার
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩৮টি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বারের ওজন প্রায় ১৬ কেজি। এগুলোর আনুমানিক মূল্যে প্রায় আট কোটি টাকা। আজ শনিবার রাতে এসব সোনার বার উদ্ধার করা হয়।
বিমানবন্দরে নিয়োজিত কাস্টম হাউসের সহকারী কমিশনার অথেলো চৌধুরী প্রথম আলোকে জানান, রাত সাড়ে আটটার দিকে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজ বিমানবন্দরে অবতরণ করে। সব যাত্রী চলে যাওয়ার পর পরিত্যক্ত অবস্থায় একটি লাগেজ পাওয়া যায়। বৈদ্যুতিক সরঞ্জামের এই লাগেজের মধ্যে এসব সোনার বার পাওয়া গেছে। লাগেজটির মালিক হিসেবে একজন যাত্রীকে সন্দেহ করা হচ্ছে। নিশ্চিত হওয়ার পরই তাঁকে আটক করা হবে।
নিয়মানুযায়ী একজন যাত্রী বিনাশুল্কে ২০০ গ্রাম স্বর্ণালংকার আনতে পারেন। শুল্ক-কর দিয়ে একই পরিমাণ সোনার বার আনা যায়। আবার বাণিজ্যিক ভিত্তিতে নানা সংস্থার অনুমোদন নিয়ে দুই কেজি পর্যন্ত সোনার বার আমদানি করা যায়।