আট কোটি টাকায় পুনর্বাসনের পর প্রথম যাত্রায় ফেরি বিকল
সাড়ে আট কোটি টাকায় ‘পুনর্বাসনের’ পর মানিকগঞ্জের পাটুরিয়ায় আনার পর গত মঙ্গলবার রাতে প্রথম যাত্রায় বিকল হয়ে পড়ে ফেরি খানজাহান আলী। পরে স্থানীয়ভাবে মেরামত করে ১০ ঘণ্টা পর গতকাল বুধবার বেলা ১১টার দিকে ফেরিটি চালু হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) প্রধান প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, পরিকল্পনা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ছয়টি রো রো ফেরি পুনর্বাসনের অংশ হিসেবে নয় মাস আগে ফেরি খানজাহান আলীকে নারায়ণগঞ্জের একটি বেসরকারি ডকইয়ার্ডে নেওয়া হয়। সেখানে ফেরিটির পেছনে ব্যয় হয় সাড়ে আট কোটি টাকা।আরিচায় বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপকের কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত একটার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাট থেকে ফেরি খানজাহান আলীতে যাত্রী ও যানবাহন ওঠানো হয়। দৌলতদিয়ার উদ্দেশে ছাড়ার কয়েক মিনিট পর বিকট শব্দ করে ফেরিটি বিকল হয়ে যায়। পরে একটি উদ্ধারকারী জাহাজের সাহায্যে ফেরিটিকে পাটুরিয়ার ৪ নম্বর ঘাটে এনে যাত্রী ও যানবাহন নামিয়ে অন্য একটি ফেরিতে দৌলতদিয়া নেওয়া হয়। বিআইডব্লিউটিসির সংস্থার নিজস্ব কারিগরি প্রতিষ্ঠান পাটুরিয়ার ভাসমান কারখানা ‘মধুমতী’র ইনচার্জ প্রকৌশলী এনামুল হক বলেন, ইঞ্জিনের গিয়ার নষ্ট হওয়ায় চালুর কয়েক মিনিট পরই ফেরিটি বিকল হয়। পরে স্থানীয়ভাবে মেরামতের কাজ করে গিয়ার ছাড়াই বিকল্পভাবে ফেরিটি গতকাল বেলা ১১টার দিকে চালু করা হয়েছে। তবে যেকোনো মুহূর্তে ফেরিটি আবারও অচল হতে পারে। ফেরিটির নিরাপদ চলাচল নিশ্চিত করতে মেরামত করা প্রয়োজন। নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটিসি ও ফেরির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জানান, পুনর্বাসন প্রকল্পের আওতায় ফেরিটির সব বিকল ও ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ ফেলে নতুন করে যন্ত্রাংশ স্থাপনের কথা থাকলেও তা না করে কারচুপি করা হয়েছে। এ কারণে প্রথম ট্রিপেই ফেরিটি বিকল হয়। তাঁরা জানান, এর আগে আরও দুটি রো রো ফেরির পুনর্বাসন কাজ করার পরপরই ওই দুটি ফেরিও বিকল হয়ে পড়েছিল। তাঁদের অভিযোগ, পুনর্বাসনের নামে কোটি কোটি টাকা লুটপাটের কারণেই ফেরিগুলো পুরোপুরি মেরামত হচ্ছে না। এ কারণে ফেরিগুলো বারবার বিকল হচ্ছে।বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এম এ মতিন ফেরি খানজাহান আলী বিকল হওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জে সংস্থার নিজস্ব ডকইয়ার্ডে মেরামত শেষে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরকে দুই মাস আগে পাটুরিয়ায় আনা হয়। কয়েক দিন পরেই ফেরিটির একটি ইঞ্জিন বিকল হয়। বর্তমানে ফেরিটিকে একটি সাহায্যকারী জাহাজের সহায়তায় শুধু দিনের বেলায় চালু রাখা হচ্ছে। পুনর্বাসন ও মেরামতের পরও ফেরি খানজাহান আলী ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির বিকল হওয়া প্রসঙ্গে মুঠোফোনে কথা হয় বিআইডব্লিউটিসির প্রধান প্রকৌশলী নিরঞ্জন কুমার পোদ্দারের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, পুনর্বাসন ও মেরামত শেষে ফেরিটি চালু করার পর সামান্য কিছু ত্রুটি ধরা পড়তেই পারে। এখানে দুর্নীতির কোনো সুযোগ নেই।