আট ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটটি ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভা ব পর্যবেক্ষণ করবে বাংলাদেশ। এগুলো হচ্ছে জীবনযাত্রা ও দারিদ্র্য, পানিপ্রবাহ ও আবহাওয়া, গবাদিপশু, সামুদ্রিক মৎস্যসম্পদ, মিঠা পানির মাছ, কৃষি, বনের বৃক্ষ ও প্রাণিসম্পদ এবং স্বাস্থ্য খাত।বিশেষজ্ঞরা নিয়মিতভাবে বিষয়টি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারকে পরামর্শ দেবেন। প্রতিটি বিষয়ের জন্য আলাদা বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে তাঁরা সরকারকে এ বিষয়ে একটি প্রতিবেদন দেবেন।পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সহায়তায় প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব কনজারভেশন অব নেচার (আইইউসিএন) দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণের কাজটি তদারক করবে। গতকাল বৃহস্পতিবার বন বিভাগের দপ্তরে জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণের কৌশল চূড়ান্ত করা নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ১০০ জন গবেষক ও বিজ্ঞানী অংশ নেন।কর্মশালা উদ্বোধন করতে গিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গবেষণা প্রকল্পটির প্রধান আইনুন নিশাত এ বছর দেরিতে বন্যা শুরু হওয়া ও দেশের বিভিন্ন স্থানে অসমান বৃষ্টিপাতের কথা উল্লেখ করেন। তিনি বলেন, নীলফামারীর ডালিয়াতে যখন ২০০ মিলিমিটার বৃষ্টি হচ্ছে, তখন রংপুরে বৃষ্টি নেই। আবার হাতিয়ায় যখন ১৫০ মিলিমিটার বৃষ্টি, নোয়াখালী সদরেই তখন বৃষ্টির দেখা নেই।কর্মশালার প্রধান অতিথি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার বলেন, জলবায়ু পরিবর্তনের বর্তমান অবস্থা নিয়ে সরকার সচেতন। তিনি আরও বলেন, এ বছর অসময়ে বন্যার কারণে আমন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমেদ বলেন, সরকারের ভবিষ্যতের যেকোনো পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাবকে বুঝতে হবে। সে জন্য এই কৌশল কাজে লাগবে।