আট খুনের আসামিদের মুক্তিতে বাধা নেই
চট্টগ্রামে বহুল আলোচিত আট খুনের মামলায় ফাঁসির দণ্ডাদেশ পাওয়া চার আসামির খালাসের রায়ের কার্যকারিতা স্থগিত হয়নি। এতে তাঁদের মুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আসামিদের আইনজীবী।
আট খুনের মামলায় ফাঁসির দণ্ডাদেশ পাওয়া চার আসামিকে খালাস দেন হাইকোর্ট। আপিল ও মৃত্যুদণ্ডাদেশের অনুমতির আবেদনের শুনানি শেষে ১৭ এপ্রিল বিচারপতি মো. আবদুল হাই ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ এই রায় দেন।
খালাস পাওয়া চার আসামি হলেন সাজ্জাদ হোসেন খান, আলমগীর কবির, মো. আজম ও মো. সোলায়মান। তাঁরা স্থানীয়ভাবে সবাই ইসলামী ছাত্রশিবিরের ক্যাডার হিসেবে পরিচিত।
হাইকোর্টের দেওয়া ওই খালাসের রায়ের কার্যকারিতায় স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। শুনানি শেষে আজ বৃহস্পতিবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ‘নো অর্ডার’ দেন।
আদালত সূত্র জানায়, আজ রাষ্ট্রপক্ষে ওই আবেদনের ওপর শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ারদী ও মনিরুজ্জামান রুবেল। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও মিজানুর রহমান।
চেম্বার বিচারপতির এই আদেশের ফলে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়ার পর নিয়মিত আপিল করা হবে বলে জানান তিনি।
পরে আসামিপক্ষের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেননি চেম্বার বিচারপতি। ফলে তাঁদের (আসামি) মুক্তিতে কোনো বাধা নেই।
২০০০ সালের ১২ জুলাই দুপুরে চট্টগ্রামের বহদ্দারহাটে ব্রাশফায়ারে ছয় ছাত্রলীগ নেতা-কর্মীসহ আটজন নিহত হন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি মাইক্রোবাসে করে একটি সমাবেশে যাচ্ছিলেন।
এ ঘটনায় নিহত ব্যক্তিদের একজনের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, চট্টগ্রামের বাকলিয়া থানার কালামিয়ার বাজারে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের এক সমাবেশে যাওয়ার পথে ছাত্রশিবিরের ক্যাডাররা ব্রাশফায়ার করে। এতে ছাত্রলীগের ছয় নেতা, তাঁদের মাইক্রোবাসের চালক ও একজন অটোরিকশার চালক নিহত হন।
ঘটনার আট বছর ২০০৮ সালের ২৭ মার্চ এ মামলার রায় ঘোষণা করেন চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ একরামুল হক চৌধুরী। রায়ে শিবির ক্যাডার সাজ্জাদ হোসেন খান, মো. আলমগীর কবির ওরফে বাট্টা আলমগীর, মো. আজম ও মো. সোলায়মানকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এ ছাড়া আরও তিনজন শিবির ক্যাডার হাবিব খান, এনামুল হক ও আবদুল কাইয়ুমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া আসামিরা এখনো পলাতক। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের মধ্যে সাজ্জাদ হোসেন খান ভারতের কারাগারে, অন্য তিনজন দেশের কারাগারে বন্দী। পুলিশ জানায়, সাজ্জাদ হোসেন ২০০৪ সালে ভারতে পালিয়ে যান। তিনি ২০১২ সালের নভেম্বরে ভারতে গ্রেপ্তার হন।