আট গ্রামে তীব্র পানিসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার আটটি গ্রামে পানি সংকট তীব্র আকার ধারণ করেছে। গ্রামের লোকজন পাঁচ কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করছেন। দুর্গম সীমানাপাড়া এলাকার লোকজন জেলা সদর থেকে চাঁদের গাড়িতে (জিপ) করে পানি এনে ব্যবহার করছেন।
পাহাড়ি ছড়া ও ঝরনা শুকিয়ে যাওয়ায় এ বছর পানির সংকট তীব্র হয়েছে বলে জানিয়েছেন গ্রামের লোকজন।
উপজেলার সীমানাপাড়া, নয়মাইল, মিলন কার্বারিপাড়া, তপন কার্বারিপাড়া, চন্দ্র কিরণ কার্বারিপাড়াসহ কয়েকটি এলাকা ঘুরে তীব্র পানি সংকটের চিত্র চোখে পড়ে। নয়মাইল এলাকায় গিয়ে দেখা যায়, নয়মাইল দোকানের পেছনে পাশাপাশি দুটি রিং টিউবওয়েল থাকলেও একটিতেও পানি উঠছে না। পাশের পুকুরেও পানি নেই।
মিলন কার্বারিপাড়ার ঢাংকি ত্রিপুরা নামের এক নারী জানান, ভোর ছয়টায় পানি সংগ্রহের জন্য তিনি পাঁচ কিলোমিটার দূরে ভৈরফা ছড়ায় যান। পানি সংগ্রহ করে ফিরতে তাঁর পাঁচ ঘণ্টা লেগে যায়।
দুর্গম সীমানাপাড়া গ্রামের হজিত বিকাশ ত্রিপুরা বলেন, গ্রামের আশপাশের সব ঝরনা ও ছড়া শুকিয়ে গেছে। কোথাও পানি নেই। পানি না পেয়ে জেলা শহর থেকে পানি সংগ্রহ করতে হয়েছে। নয়মাইল তপন কার্বারিপাড়া এলাকার রাজীব ত্রিপুরা ও কান্তি রায় ত্রিপুরা বলেন, এখানে দুটি রিং টিউবওয়েল আছে, কিন্তু একটিতেও পানি উঠছে না। একটি পুকুর ছিল সেটিও শুকিয়ে গেছে।
নয়মাইল নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ধুপনা ত্রিপুরা ও গৌরাঙ্গ ত্রিপুরা বলল, তাঁদের গ্রামেও পানির ব্যবস্থা নেই, বিদ্যালয়েও নেই। পানির তৃষ্ণা পেলে খুব কষ্ট হয়।
বিদ্যালয়ের শিক্ষক নয়নমণি ত্রিপুরা বলেন, আগে এক কিলোমিটার দূরের একটি কুয়া থেকে পানি সংগ্রহ করা হতো। এখন কুয়ায় পানি নেই। ১ নম্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও মিলন কার্বারিপাড়া এলাকার বাসিন্দা হতেন্দ্র লাল ত্রিপুরা বলেন, আটটি গ্রামের ৮৭৪টি পরিবার তীব্র পানি সংকটে পড়েছে। লোকজন প্রতিদিন ভোর পাঁচটা-ছয়টায় উঠে পানি সংগ্রহের জন্য পাঁচ কিলোমিটার দূরের গন্তব্যে ছোটেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুল জাহিদ পাভেল পানি সংকটের সত্যতা নিশ্চিত করে বলেন, পানির সংকটের বিষয়টি দেখার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলীকে পাঠানো হয়েছে। তিনি বলেন, সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে অন্য এলাকা থেকে পানি এনে সাময়িকভাবে সরবরাহ করা যায় কি না, সে চেষ্টা করা হবে।