আট ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে নির্যাতন!
মুঠোফোন চুরির অভিযোগে পলাশ চন্দ্র দেবনাথ নামের এক কিশোরকে আট ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। গত শনিবার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরপাতা গ্রামের মুসলিম মোল্লার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত পলাশকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওই বাড়ির প্রবাসী মো. নবীর ঘর থেকে গত শুক্রবার একটি মুঠোফোন চুরি হয়। এ জন্য প্রথমে নান্নু ডেকোরেশনের এক কর্মচারীকে সন্দেহ করা হয়। পরে একই এলাকার নিরঞ্জন চন্দ্র দেবনাথের ছেলে পলাশকে (১৪) তার বাড়ি থেকে ডেকে আনান ইউপি সদস্য বেলায়েত হোসেন। পরে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত তাকে বেঁধে রাখা হয়। ওই সময় কিছুক্ষণ পর পর লাঠি দিয়ে পেটানো হয় পলাশকে। ৫ নম্বর চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য বেলায়েত হোসেন বলেন, ‘মোবাইল ফোন চুরির অভিযোগে পলাশকে জিজ্ঞাসা করার জন্য আমি ডেকে আনি। এ সময় জসিম, ইলিয়াছ ও আবদুল কাদেরের নেতৃত্বে উত্তেজিত যুবলীগের নেতা-কর্মীরা গাছের সঙ্গে বেঁধে পলাশকে মারধর করে। বিষয়টি দুঃখজনক।’রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবহিত নই। কেউ আইনকে নিজ হাতে তুলে নিতে পারে না। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’