দোকানের এক কর্মী আটকের ঘটনায় চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে গতকাল বৃহস্পতিবার কাজ থেকে বিরত থাকেন শ্রমিক-কর্মচারীরা। শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশের কারণে প্রায় আট ঘণ্টা পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ থাকে। পরে পুলিশের উপস্থিতিতে ব্যবসায়ী ও শ্রমিকদের সমঝোতার পর পরিস্থিতি শান্ত হয়।
ব্যবসায়ীরা জানান, খাতুনগঞ্জের একটি প্রতিষ্ঠান থেকে সম্প্রতি ১ লাখ ৮৬ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় গত বুধবার মামলার পর ওই প্রতিষ্ঠানের কর্মী শাহাবুদ্দিনকে আটক করে পুলিশ। এর জের ধরে গতকাল সকালে দোকানের কর্মী ও শ্রমিকেরা ওই প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেন এবং খাতুনগঞ্জের সড়কে বিক্ষোভ করেন শ্রমিক ও কর্মীরা।
কোতোয়ালি থানার এসআই মো. মইনুদ্দিন জানান, শ্রমিকেরা বিক্ষোভ শুরু করলে পুলিশ গিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করে। দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ বলেন, বিষয়টি মীমাংসা হয়েছে। বিকেল থেকে কাজ শুরু করেন শ্রমিক-কর্মচারীরা।