আট ঘণ্টা পর নিরাপদ হলো কনকর্ড গ্র্যান্ড টাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট ঘণ্টা রুদ্ধশ্বাস অপেক্ষার পর শান্তিনগরের কনকর্ড গ্র্যান্ড টাওয়ার শেষ পর্যন্ত নিরাপদ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সকালে ভবনের বাইরের দিকে তৃতীয় ও চতুর্থ তলার দেয়ালে ফাটল দেখা দেওয়ার পর ২২ তলা ওই ভবনটির ১০৫টি ফ্ল্যাটের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। সেই সঙ্গে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়া হয়।দিনভর অপেক্ষার পর সন্ধ্যায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ দল সংবাদ সম্মেলন করে ভবনটি নিরাপদ ঘোষণা করে।কনকর্ড গ্র্যান্ড টাওয়ার মালিক সমিতির সভাপতি নাসিরউদ্দিন মজুমদার জানান, সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পর ভবনের বাসিন্দাদের মধ্যে ফাটল নিয়ে আতঙ্ক শুরু হয়। বেগুনবাড়ির ঘটনার কারণে এই আতঙ্ক বহু গুণে বেড়ে যায়।সরেজমিন দেখা যায়, ভবনের সামনে শত শত লোকের ভিড়। দমকল বাহিনীর কর্মকর্তারা ছুটে আসেন। আসেন স্থানীয় সাংসদ রাশেদ খান মেনন, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক। বেলা সাড়ে তিনটার দিকে সেখানে আসেন বুয়েটের তিনজন অধ্যাপক সৈয়দ ফখরুল আমিন, খান মাহমুদ আমানত ও মুনাজ আহমেদ নূর। তাঁরা দীর্ঘ সময় ভবনটি পরীক্ষার পর জানান, ভবনটি নিরাপদ।