আট ঘণ্টা পর নৌ-চলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গতকাল বুধবার রাত ১২টা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। এতে উভয় ঘাটে সহস্রাধিক যানবাহন আটকা পড়ে। এ সময় শীত ও ঘন কুয়াশার কারণে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) জানায়, ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দৌলতদিয়া প্রান্তে পাঁচটি ও পাটুরিয়া প্রান্তে দুটি এবং মাঝনদীতে তিনটি ফেরি আটকা পড়ে। এতে দৌলতদিয়া প্রান্তে ১১০টি নৈশকোচ ও ৩০০টি পণ্যবাহী ট্রাক আটকে ছিল। পাটুরিয়া প্রান্তেও সমপরিমাণ যানবাহন আটকা পড়ে। এখনো উভয় ঘাটে অসংখ্য যানবাহনের চাপ রয়েছে।
প্রথম আলোকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান।