আট ঘণ্টা পর ফেরি উদ্ধার গাড়িজট
নাব্যতাসংকট ও চ্যানেলের অপ্রশস্ততার কারণে সোমবার রাত সাড়ে তিনটা থেকে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত চার শতাধিক যাত্রী নিয়ে ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডুবোচরে আটকে ছিল। এ ছাড়া ফেরিগুলো এক-তৃতীয়াংশ পরিমাণ গাড়ি পার করায় তিন দিন ধরে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে শত শত যানবাহন আটকে থাকছে। এতে বেড়েছে গাড়িজট।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ খান জানান, রাত পৌনে তিনটার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান প্রায় ৪০০ যাত্রীবোঝাই আটটি নৈশকালীন বাস, দুটি পণ্যবাহী ট্রাক ও দুটি ছোট গাড়ি নিয়ে দৌলতদিয়ার উদ্দেশে যাত্রা করে। রাত সাড়ে তিনটার দিকে দৌলতদিয়া ঘাটের কাছে পৌঁছামাত্র মূল চ্যানেলের শেষ মাথায় বালুচরে সেটি আটকা পড়ে। উদ্ধারকারী জাহাজ ‘আশা-১’ কয়েক দফা চেষ্টার পর আরেকটি খালি রো রো ফেরি শাহ পরানের সহায়তায় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধার করা সম্ভব হয়। বিআইডব্লিউটির খনন বিভাগের সহকারী প্রকৌশলী আবদুর রাজ্জাক বলেন, সম্ভবত চ্যানেলের বাইরে যাওয়ায় ফেরিটি আটকে পড়ে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, ফেরিগুলো ধারণক্ষমতার এক-তৃতীয়াংশ যানবাহন পার করায় প্রতিদিনই নিয়মিত গাড়ির সঙ্গে কিছু অতিরিক্ত গাড়ি পারাপারের অপেক্ষায় আটকে থাকছে, যে কারণে গাড়ির জট দীর্ঘ হচ্ছে।