আট ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে গতকাল শনিবার সকাল নয়টা থেকে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। এ ছাড়া দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটের পন্টুনের সামনে পানি কমে যাওয়ায় গত বৃহস্পতিবার থেকে এ ঘাটটি বন্ধ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, শুক্রবার মধ্যরাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। একপর্যায়ে সামান্য দূরের কিছু দেখতে না পাওয়ায় রাত দেড়টা থেকে কর্তৃপক্ষ ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়। ফেরি চলাচল বন্ধ থাকায় আটকা পড়ে কয়েক শ গাড়ি। গতকাল শনিবার সকালে কুয়াশা কাটতে শুরু করলে নয়টার দিকে ফেরি ছাড়ে।

গতকাল সকালে দেখা যায়, ফেরিঘাট থেকে প্রায় চার কিলোমিটার যাত্রীবাহী বাস, পণ্যবাহী গাড়িসহ অন্তত চার শতাধিক গাড়ির লম্বা লাইন ছিল। ঝিনাইদহের বারোবাজার থেকে মাছ বোঝাই করে আসা সিলেটগামী ট্রাকচালক লিয়াকত হোসেন বলেন, ‘আজ (শনিবার) সকালে সিলেটে মাছের বাজার ধরার কথা ছিল। কিন্তু শুক্রবার রাত সাড়ে বারোটায় এসে এখন পর্যন্ত ফেরির নাগাল পাইনি।’ দীর্ঘ সময় আটকে থাকায় বরফ গলে অনেক মাছ পচে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।