আট ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল ফের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ার ৩ নম্বর ফেরিঘাট সংস্কারের কারণে গতকাল মঙ্গলবার প্রায় আট ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এ সময় মাওয়া ও কাওড়াকান্দি উভয় পাড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগ পোহাতে হয় শত শত মানুষকে।এদিকে ভাঙনে নিখোঁজ ছয়জনের লাশ গতকাল পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পদ্মার ভাঙনে ১ নম্বর ও ২ নম্বর ফেরিঘাট বিলীন হয়ে যাওয়ার পর ৩ নম্বর ফেরিঘাটটিও ভাঙনের ঝুঁকির মুখে রয়েছে। ঘাটটিকে ভাঙনের হাত থেকে রক্ষায় আরও মজবুত করার লক্ষ্যে গতকাল সকাল নয়টা থেকে সংস্কারকাজ শুরু করা হয়। বিকেল পাঁচটার দিকে সংস্কারকাজ সম্পন্ন হয়।গতকাল থেকে নতুন আরও তিনটি ঘাট সংস্কার করার কথা ছিল। এর মধ্যে দুটি ঘাটের নতুন করে কাজ শুরু হয়েছে। একটি নির্মাণ করা হচ্ছে মাওয়াঘাটের ঋষিপাড়ায়। অপরটি লঞ্চঘাটের পশ্চিম পাশে। মাওয়াঘাটের বন্দর কর্মকর্তা (বিআইডব্লিউটিএ) মহিউদ্দিন খান প্রথম আলোকে জানান, তিনটি ঘাটের মধ্যে দুটির কাজ শুরু হয়েছে। শিগগিরই ঘাট দুটি চালু করা সম্ভব হবে।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকালও পদ্মার ভাঙনের মুখে কয়েকটি দোকান সরিয়ে নেওয়া হয়। মাওয়াঘাট ও পাশের মেদেনীমণ্ডল এলাকায় ভাঙন আতঙ্ক বিরাজ করছে। নিখোঁজ ব্যক্তিদের লাশ উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে মাওয়াঘাটের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার খালিদ জানান, নিখোঁজ ছয়জনের লাশ এখনো পাওয়া যায়নি। খোঁজখবর অব্যাহত আছে।লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধারে গত সোমবার ডুবুরিরা পানিতে নেমে স্রোতের কারণে টিকে থাকতে পারেননি। তাই তাঁরা আর নদীতে নামেননি।