আট ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে গতকাল শনিবার সকাল নয়টা থেকে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। এ ছাড়া দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটের পন্টুনের সামনে পানি কমে যাওয়ায় গত বৃহস্পতিবার থেকে এ ঘাটটি বন্ধ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, শুক্রবার মধ্যরাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। একপর্যায়ে সামান্য দূরের কিছু দেখতে না পাওয়ায় রাত দেড়টা থেকে কর্তৃপক্ষ ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়। ফেরি চলাচল বন্ধ থাকায় আটকা পড়ে কয়েক শ গাড়ি। গতকাল শনিবার সকালে কুয়াশা কাটতে শুরু করলে কর্তৃপক্ষ নয়টার দিকে ফেরি ছেড়ে দেয়।
গতকাল সকালে দেখা যায়, ফেরিঘাট থেকে প্রায় চার কিলোমিটার যাত্রীবাহী বাস, পণ্যবাহী গাড়িসহ অন্তত চার শতাধিক গাড়ির লম্বা লাইন ছিল। ঝিনাইদহের বারোবাজার থেকে মাছ বোঝাই করে আসা সিলেটগামী ট্রাকচালক লিয়াকত হোসেন বলেন, ‘আজ (শনিবার) সকালে সিলেটে মাছের বাজার ধরার কথা ছিল। কিন্তু শুক্রবার রাত সাড়ে বারোটায় এসে এখন পর্যন্ত ফেরির নাগাল পাইনি।’ দীর্ঘ সময় আটকে থাকায় বরফ গলে অনেক মাছ পচে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এদিকে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে দেখা যায়, পন্টুনের সামনে পানি কমে সেখানে মাটি জেগে উঠেছে। শ্রমিকেরা পন্টুনের সামনে বাঁশের পাইলিং করে ঘাট প্রশস্ত করার কাজ করছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়ার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী শাহ আলম বলেন, ঘাটের পন্টুনের সামনে পানি কমে যাওয়ায় মাটি জেগে উঠেছে। গত বৃহস্পতিবার দুপুর থেকে তাই ঘাটে ফেরি আসা বন্ধ। তাঁরা কাজ শুরু করেছেন। রোববার সকালের দিকে ঘাট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, চারটি ঘাটের মধ্যে তিন দিন ধরে একটি ঘাট বন্ধ। পাশাপাশি শুক্রবার মধ্যরাত থেকে গতকাল সকাল পর্যন্ত প্রায় সাড়ে আট ঘণ্টা ফেরি বন্ধ ছিল। তাই উভয় ঘাটে কয়েক শ গাড়ি আটকা পড়েছে।