আট ঘণ্টার ব্যবধানে চলে গেলেন দগ্ধ দুজন

সহিংস রাজনীতি কেড়ে নিয়েছে আরও দুটি প্রাণ। রাজধানীর রমনার পরিবাগে যাত্রীবাহী মিনিবাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ শাহিনা আক্তার (৪২) ও ফরিদ মিয়া (৫০) চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) গত পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ছিলেন এই দুজন।
বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) পরিচালক শাহ আলম ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানান। শাহিনা চিকিত্সাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে মারা গেছেন। আর মাত্র আট ঘণ্টার ব্যবধানে আজ বুধবার সকাল ১০টার দিকে ফল বিক্রেতা ফরিদ মারা যান।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, ৩ জানুয়ারি সকাল সাতটার দিকে পরিবাগে আবদুল্লাহপুর থেকে গুলিস্তানগামী একটি যাত্রীবাহী মিনিবাসে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে শাহিনা ছাড়াও বাসের চালক বাবুল হাওলাদার ও অপর যাত্রী ফল বিক্রেতা ফরিদ মিয়া মারাত্মক দগ্ধ হন। এরপর তাঁদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শাহিনার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিত্সকেরা শুরুতেই জানিয়েছিলেন, তাঁর অবস্থা গুরুতর।
শাহিনা একটি জীবন বিমা প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। বাড়ি খুলনার টুটপাড়ায়। অফিসের কাজে খুলনা থেকে ঢাকায় এসেছিলেন। কাজ শেষ করে ঘটনার দিনই খুলনার উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু বাড়ি ফেরা হলো না তাঁর। একমাত্র সন্তানকে রেখে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।
ফরিদের শরীরের ৪৮ শতাংশ দগ্ধ হয়েছিল। তাঁর অবস্থাও গুরুতর ছিল।
ফরিদ থাকতেন ক্যান্টনমেন্ট এলাকার মানিকদি বালুরঘাটে। সেখানে তিনি ফল বিক্রি করতেন। গত ৩ জানুয়ারি তিনি ওই বাসে করে গুলিস্তান যাচ্ছিলেন। ফল কিনতে গুলিস্তান হয়ে তাঁর বাদামতলী যাওয়ার কথা ছিল।