আট চিকিৎসক দিয়ে চলছে ১০০ শয্যার হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর হাসপাতালে ২২ জন চিকিৎসকের মধ্যে ১৪ জনের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। আটজন চিকিৎসক দিয়ে কোনো রকমে চলছে ১০০ শয্যার এ হাসপাতাল।হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০৪ সালে হাসপাতালটি ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হয়। শয্যা বাড়ানো হলেও সে অনুযায়ী লোকবলের অনুমোদন পাওয়া যায়নি। ফলে ১০০ শয্যার এ হাসপাতালে ৫০ শয্যার লোকবল ও সুবিধা পর্যন্ত নেই। ৫০ শয্যার হাসপাতালে ২২ জন চিকিৎসক থাকার কথা। কিন্তু এখানে চিকিৎসক আছে মাত্র আটজন। এর মধ্যে তিনজন জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা, একজন করে চক্ষু বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, আবাসিক চিকিৎসা কর্মকর্তা, হূদেরাগ বিশেষজ্ঞ ও অবেদনবিদ। শূন্য পদগুলো হচ্ছে চিকিৎসা কর্মকর্তা চারটি, সার্জারি, গাইনি, ইএনটি, মেডিসিন, চর্ম ও যৌন, অর্থপেডিক্স, প্যাথলজিস্ট, রেডিওলজিস্ট, ডেন্টাল ও আয়ুর্বেদিক চিকিৎসা কর্মকর্তা একজন করে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক জানান, অবেদনবিদ মোস্তফা কামাল সপ্তাহে দুদিন হাসপাতালে আসেন। এ কারণে প্রয়োজন মুহূর্তে অস্ত্রোপচার সম্ভব হয় না। হাসপাতালের ১৮ নম্বর বিছানায় চিকিৎসাধীন গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী গ্রামের লাইলী বেগম (২৫) বলেন, ভর্তি হওয়া কোনো রোগীর হঠাৎ সমস্যা দেখা দিলে চিকিৎসককে ডেকে পাওয়া যায় না। নার্সরা বলেন, চিকিৎসক নেই। ৪ নম্বর বেডে চিকিৎসাধীন সুন্দরগঞ্জ উপজেলার বোচাগারী গ্রামের আক্কাস আলী (৫২) বলেন, প্রাইভেট ক্লিনিকে চিকিৎসার সামর্থ্য না থাকায় সরকারি হাসপাতালে আসা। কিন্তু দিনে একবারের বেশি চিকিৎসকেরা ওয়ার্ডে আসেন না। এলেও ঠিকমতো রোগী দেখেন না।হাসপাতালের প্রসূতি বিভাগে কর্মরত সেবিকা রেহেনা বেগম বলেন, ১০০ শয্যার হাসপাতালে মোট ৬৬ জন সেবিকা থাকার কথা থাকলেও আছে মাত্র ২৪ জন। ফলে চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হানিফ বলেন, প্রতি মাসে হাসপাতালে অন্তত ৫০০ রোগী ভর্তি হলেও ২৫টি সিজার ও ১০টি সাধারণ অস্ত্রোপচার করা হয়। চিকিৎসক-সংকটের কারণে বর্তমানে দুজন স্বাস্থ্য সহকারী (মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট) দিয়ে বহির্বিভাগে দৈনিক প্রায় ৪০০ রোগীর সেবা দেওয়া হচ্ছে। এর পরও প্রায়ই বহির্বিভাগে রোগী দেখা বন্ধ থাকে। স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক নেই। অথচ দুটি বিভাগে দৈনিক গড়ে ১৮ থেকে ২২ জন রোগী থাকে। কমসংখ্যক চিকিৎসক দিয়ে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। অবেদনবিদ চিকিৎসককে প্রতিদিন উপস্থিত থাকার জন্য বারবার তাগাদা দিয়েও কোনো কাজ হচ্ছে না।গাইবান্ধার সিভিল সার্জন শহীদুল হক বলেন, প্রয়োজনীয় চিকিৎসক চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বহুবার আবেদন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসকেরা এখানে আসতে চান না। তাঁরা রংপুর, বগুড়া মেডিকেল কলেজসহ পছন্দমতো হাসপাতালে বদলি হয়ে চলে যান।